ভূমিসংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর থানার পুলিশ শনিবার রাতে ভুয়া সনদ, জাল দলিলপত্র, সরকারি কর্মকর্তাদের জাল সিলমোহর, এসিআর ফরমসহ বিভিন্ন ধরনের সনদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা শহরের তৈরি বাজার মোড়ের শফিক ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের মালিক শফিকুল ইসলাম (৩৫) এবং সদর উপজেলার বোবাহালা গ্রামের সুসেন চন্দ্র দাস (৪০)। শফিকের বাসা জেলা শহরের মধ্য নাগড়ায়। তাঁর দোকান থেকে জাল কাগজপত্র তৈরির একটি কম্পিউটার, প্রিন্টার, বেশ কিছু জাল সার্টিফিকেট, জমির কাগজপত্র এবং সরকারি কর্মকর্তাদের সিলমোহর উদ্ধার করে জব্দ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে মামলা করেছেন।