ভূমিসচিবসহ ছয় কর্মকর্তাকে সরাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয় থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে চাহিদাপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী।এই ছয়জন পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রী-প্রতিমন্ত্রীর অভিযোগ, ‘ভূমির উন্নয়নের জন্য সরকার নির্বাচনী ইশতেহারে যে ওয়াদা করেছিল, তা বাস্তবায়নে তাঁরা বিপরীত অবস্থান নিচ্ছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের কাজেকর্মে গতিশীলতা আনতেও তাঁরা সুচতুরভাবে অসহযোগিতা করছেন।’এই ছয় কর্মকর্তা হলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব আতহারুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ আলী খান, দুই উপসচিব আবুল কালাম আজাদ ও জহিরুল ইসলাম, ভূমি রের্কড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আসলাম আলম ও উপপরিচালক (প্রশাসন) আলাউল হক। ইতিমধ্যে তাঁদের বদলির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে ভূমিসচিব আতহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমার মনে হয়, মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে কোনো কর্মকর্তা আমার ব্যাপারে ভুল বুঝিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে আমি কোনো বেআইনি তদবির শুনি না, আইনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করি।’চাহিদাপত্রে আরও বলা হয়, ভূমিসচিবের নেতৃত্বে কিছু কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় কাজে সুচতুরভাবে অসহযোগিতা করছেন। সময় সময় তাঁরা কাজের অগ্রগতি ব্যাহত করছেন, যাতে বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা এবং সর্বোপরি ‘ডিজিটালাইজেশন’ কার্যক্রম বাস্তবায়ন ব্যাহত হয়। চাহিদাপত্রে আরও অভিযোগ করা হয়, ‘ভূমি মন্ত্রণালয়ের অধীন সংস্থায় কর্মরত কিছু কর্মকর্তা সচিববের তত্ত্বাবধানে আমাদের নির্দেশনা সুচতুরভাবে হয় অগ্রাহ্য করেন অথবা বিপরীত অবস্থান নেন।’ এসব কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ের অধীন দপ্তর থেকে বদলির জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। এতে মন্ত্রণালয়ের সব কর্মকাণ্ডে গতি ফিরে আসবে বলে জানানো হয়।ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে ১২৬ জন এমএলএসএস নিয়োগ, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ নামের একজন কর্মকর্তাকে বদলিসহ বেশ কয়েকটি বিষয় নিয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবের বনিবনা হচ্ছিল না। বিশেষ করে এমএলএসএস পরীক্ষার নিয়োগ-সংক্রান্ত ফাইলটি সচিবের কাছে রাখা হয়। প্রায় দেড় মাসে প্রতিমন্ত্রী বেশ কয়েকবার তাগাদা দিলেও ফাইলটি প্রতিমন্ত্রীর টেবিলে পাঠানো হয়নি। এ ছাড়া উপসচিব রউফকে বদলি করার বিষয়টিও ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রীকে জানানো হয়নি।নিয়োগ-সংক্রান্ত বিষয়ে সচিব প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা যেভাবে বলছেন, সেভাবে করা সম্ভব নয়। উপসচিবকে বদলির বিষয়ে সচিব বলেন, প্রতিটি বিষয়ই মন্ত্রী রেজাউল করিম ও প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান জানেন।যোগাযোগ করা হলে ভূমি প্রতিমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।