ভূমিহীন নারীদের মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় তাঁরা খাসজমিতে ভূমিহীন নারীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) নামের একটি বেসরকারি সংস্থা এ কর্মসূচি গ্রহণ করে। সকাল ১০টার দিকে চাটমোহর উপজেলার কয়েক শ ভূমিহীন নারী উপজেলার হরিপুর ইউনিয়নের মমিনপাড়া গ্রামে সমবেত হন। পরে একটি মিছিল শেষে তাঁরা সমাবেশ করেন।
ভূমিহীন নারীদের নেত্রী চম্পা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এলডিওর নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান, ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন, আনোয়ারা বেগম, তাজিমন খাতুন, রাশিদা খাতুন ও ভূমিহীন সংগঠক ইসরাইল আলম।
চম্পা বেগম বলেন, ‘এক ফাল্টা খাসজমি আমাগের খাওয়ার নিশ্চয়তা দিবের পারে। জমি আমাগের হলি আমরা গায়ে খাটে ফসল আবাদ করবের পারি। তাই আমরা খাসজমিতি আমাগের মালিকানা চাই।’