ভূমিহীন পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হামলা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে ভূমিহীন জুলেখা খাতুনের বসতবাড়ি। ঘরহারা জুলেখার পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে এখন খোলা আকাশের নিচে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ভাবানীপুর ইউনিয়নের আমিনপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, জুলেখার টিনের ঘরটি পড়ে আছে মাটির ওপর। এর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সংসারে ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। জুলেখা খাতুন জানান, তিনি ভূমিহীন। তাঁদের নিজস্ব কোনো বাড়ি নেই। গুচ্ছগ্রামের ঘর বরাদ্দ পেয়েছিলেন বিদেশী প্রামাণিক। তিনি মারা গেলে তাঁর ছেলে অমল চন্দ্র প্রামাণিকের কাছ থেকে দখলস্বত্ব নিয়ে প্রায় দুই বছর ধরে দুই কক্ষের ওই ঘরে বসবাস করে আসছিলেন জুলেখা। কিন্তু তাঁর পরিবারকে উচ্ছেদ করার জন্য গুচ্ছগ্রামের আরেক বাসিন্দা আবদুল খালেক বেশ কিছুদিন ধরে অন্যায়-অত্যাচার করতে থাকেন। বৃহস্পতিবার ইফতারের আগে খালেকসহ ১০-১২ জন লোক এসে হামলা চালিয়ে তাঁর ঘর ভাঙচুর করেন। এ ঘটনা নিয়ে থানায় মামলা করলে মেরে ফেলা হবে বলেও তাঁরা হুমকি দেন।
আবদুল খালেক দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।