ভূমিহীন প্রতিবন্ধীদের খাসজমি দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নয় উপজেলার প্রতিটি থেকে দুজন করে ভূমিহীন প্রতিবন্ধীকে খাসজমি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার ফরিদপুরে এক গোলটেবিল বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান এ ঘোষণা দেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল দুপুর ১২টায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি, বেসরকারি ও স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কে এম কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, প্রতিবন্ধীদের খাসজমি দেওয়ার এ সিদ্ধান্ত সামনের জেলা রাজস্ব সম্মেলনে অনুমোদন করানো হবে। জিআর বা টিআর দিয়ে কোনো প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা ঘোচানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। প্রকৃতপক্ষে সমস্যার ঘেরাটোপ থেকে বের করে আনতে হলে প্রতিবন্ধীদের হাতে সম্পদ থাকতে হবে।
অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ফরিদপুরের সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা ও আস্থা নারী পরিষদ।
আস্থা নারী পরিষদের সভাপতি নূররাত আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেন, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের ব্যবস্থাপক মোস্তফা হাবিব।