ভূমিহীন মুক্তিযোদ্ধার মানবেতর জীবন
‘দুঃখ অইল তাড়াতাড়ি দেশ স্বাধীন করলাম। কিন্তু দুনিয়াতে বাইচা থাইকা আরও মরছি।’ প্রতিক্রিয়াটি একজন মুক্তিযোদ্ধার। নাম তাঁর বিশ্বনাথ ধর।গাজীপুর সদর উপজেলার টঙ্গী বাজারের ভরান এলাকায় ছোট্ট একটি খুপরিঘরে ভাড়া থাকেন বিশ্বনাথ। টঙ্গী বাজারের একটি মার্কেটে নৈশপ্রহরীর চাকরি ও মুক্তিযোদ্ধা ভাতা বাবদ যে কয়টা টাকা পান, তাই দিয়ে চলে সংসার। জীবন সায়াহ্নে তাঁর আকুতি একটাই, সরকার যেন তাঁর মতো দুস্থ মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার একটি স্থায়ী ঠাঁই দেয়।মুক্তিযোদ্ধা বিশ্বনাথের গেজেট নম্বর ২৭৫২, মুক্তিবার্তা নম্বর: লাল বই-০১০৬০৬০০৪৮। মুক্তিযুদ্ধের সময় ছিলেন ১৮ বছরের টগবগে তরুণ। যুদ্ধের প্রশিক্ষণ নিতে ১৯৭১ সালের মে মাসের শেষ সপ্তাহে চলে যান ভারতে। আগরতলা, গকুলনগর হয়ে আসামের কাসার জেলার লায়লিপুর সেনাক্যাম্পে ২১ দিনের প্রশিক্ষণ নেন। জুন মাসে গাজীপুরে ফিরে কমান্ডার মোশারফ হোসেনের নেতৃত্বে সমঞ্চুখযুদ্ধে অংশ নেন।সংসারে বিশ্বনাথের স্ত্রী ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। বিশ্বনাথ জানান, তাঁর নিজের বা পৈতৃক কোনো জমি নেই। একখণ্ড খাসজমি পেতে ২০১২ সালের নভেম্বর মাসে গাজীপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু কোনো সাড়া পাননি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মো. হুমায়ুন কবির বলেন, এ রকম কয়েকটি আবেদন তাঁর কাছে জমা আছে। কিন্তু ভূমি বন্দোবস্ত আইন ১৯৯৫ অনুযায়ী সরকারি খাস খতিয়ানের অকৃষি জমি ব্যক্তিমালিকানায় প্লট আকারে বরাদ্দ দেওয়ার নীতিমালা নেই। একমাত্র প্রধানমন্ত্রী বিশেষ ক্ষেত্রে প্রতীকী মূল্যে অকৃষি ভূমি বরাদ্দ দিতে পারেন।