ভূমিহীন ৫০০ পরিবার ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামে পাউবোর বাঁধে ভাঙন ধরেছে। আইলার কারণে ভূমিহীন হয়ে পড়া গ্রামের নুরুল ইসলাম নদীভাঙনের বর্ণনা দেন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামে পাউবোর বাঁধে ভাঙন ধরেছে। আইলার কারণে ভূমিহীন হয়ে পড়া গ্রামের নুরুল ইসলাম নদীভাঙনের বর্ণনা দেন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় ‘আইলা’র সময় বিলীন হয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি। সেই থেকে গত সাত বছর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের পাশে বসবাস। নদীর প্রবল ভাঙনের মুখে সেই বাঁধও এখন হুমকিতে। এখন যাবে কোথায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা ও শুভদ্রাকাটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার?
সাতক্ষীরা শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে কপোতাক্ষ আর খোলপেটুয়ার তীরে অবস্থিত প্রতাপনগর ইউনিয়ন পরিষদ (ইউপি)। এই ইউপিরই দুটি গ্রাম চাকলা ও শুভদ্রাকাটি।
প্রতাপনগর ইউপির বিভিন্ন গ্রামে সরেজমিনে দেখা যায়, ২০০৯ সালের ২৫ মে আঘাত হানা ‘আইলা’র ক্ষতচিহ্ন সর্বত্র এখনো দগদগে। এর ওপর শুরু হয়েছে প্রবল নদীভাঙন। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ভাঙনে বিভিন্ন গ্রামের অনেক এলাকা বিলীন হয়ে গেছে। চাকলা ও শুভদ্রাকাটি গ্রামের একাংশও নদী গ্রাস করেছে। যেকোনো মুহূর্তে পাউবোর বাঁধটি ভেঙে পুরো ইউনিয়ন প্লাবিত হতে পারে। তারপরও ঝুঁকি নিয়ে জরাজীর্ণ বাঁধের পাশে খুপরিঘরে বাস করছে ওই পাঁচ শতাধিক পরিবার।
৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ঢালী জানান, তাঁর ভিটাবাড়ি ছাড়াও চার বিঘা জমি ছিল। তা দিয়ে চার সদস্যের পরিবার ভালোভাবেই চলছিল। ২০০৯ সালে ‘আইলা’র সময় বাড়িসহ সব জমি চলে গেছে নদীগর্ভে। এরপর থেকে তিনি পরিবার নিয়ে পাউবোর বাঁধের পাশে বাস করছেন।
একই কথা বলেন চাকলা গ্রামের শহীদ সরদার, শাহজাহান সরদার, তাইজুল নাহার, মঞ্জিনা খাতুন, শুভদ্রাকাটি গ্রামের নূরজাহান, সুফিয়া খাতুনসহ অনেকে। ঘরবাড়ি ও ফসলি জমি কপোতাক্ষ গ্রাস করায় তাঁরা এখন ভূমিহীন। এলাকায় আশ্রয়কেন্দ্র আছে একটি। কিন্তু তার অবস্থা সঙিন। ফলে পাউবোর বাঁধটি ভেঙে গেলে কোথায় ঠাঁই নেবে, সেই চিন্তায় অধীর ভূমিহীন ওই পরিবারগুলো।
চাকলা গ্রামের আবুল কালাম বলেন, চাকলা ও শুভ্রকাটি গ্রাম মিলে জনসংখ্যা প্রায় ১২ হাজার। দুই গ্রাম মিলে একটিমাত্র আশ্রয়কেন্দ্র রয়েছে। সেটিও আবার কপোতাক্ষ নদীর একেবারে ধারে। তার পাশেই চলছে নদীভাঙন। নদীর স্রোত বাড়লে কেন্দ্রটি কাঁপতে থাকে। এ জন্য ভয়ে কেউ সেখানে ওঠে না।
দুরবস্থার কথা স্বীকার করলেন প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেনও। তিনি বলেন, প্রায় ৩০ কিলোমিটার উপকূলীয় বাঁধবেষ্টিত তাঁর ইউপির চাকলা, শুভদ্রকাটি, শ্রীপুর, পূর্ব নাকনা ও হিজলীয়া এলাকার ১০-১২ কিলোমিটার বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এলাকায় একটিমাত্র আশ্রয়কেন্দ্র থাকলেও ভয়ে মানুষ সেখানে আশ্রয় নিতে চায় না। আইলার সময় ঘরবাড়ি হারানো পাঁচ শতাধিক পরিবার পাউবোর বাঁধের পাশে অনেক কষ্টে বাস করছে। বছরের পর বছর পাউবো কর্তৃপক্ষ জানালেও কোনো কাজ হচ্ছে না।
তবে পাউবোর আশাশুনির প্রতাপনগর এলাকার শাখা কর্মকর্তা আ ন ম গোলাম সরোয়ার বলেন, দু-তিন কিলোমিটার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ। দু-তিনটি এলাকায় বাঁধের সংস্কারের কাজ চলছে। তবে বরাদ্দ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে কাজ হবে।