ভূমিহীন ‘রাজপ্রাসাদ’-এর ‘রাজা-মন্ত্রী’র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি, বেলা ১১টা। ঢোলের শব্দ। আশপাশের লোকজন ভাবল, সাপুড়ে সাপ খেলা দেখানোর জন্য মানুষ জড়ো করতে ঢোল বাজাচ্ছে। খেলা দেখবে ভেবে কাছে যেতেই চোখে পড়ে লাল পতাকা। ঢুলি, লাল পতাকা, পুলিশ, পরিপাটি লোকজন দেখে সবার ঘোর ভাঙে। বুঝতে অসুবিধা হয় না, পৌরপিতার কর্মস্থল বলে পরিচিত কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা কার্যালয়টি উচ্ছেদ করতে প্রশাসনের লোকজন এসেছেন। দুই ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করেছেন। বিষয়টি কারও কারও সম্মানে আঘাত হানে। উপস্থিত লোকজন প্রতিবাদী হয়ে ওঠে। জনতার প্রতিবাদের মুখে সে দিন প্রশাসনের লোকজন ফিরে যায় ঠিকই।কিন্তু জমির মালিকানা নিয়ে পৌর কর্তৃপক্ষ ও ওই দুই মালিকের দড়ি টানাটানি আদালত অবধি গড়ায়। যে ভবন থেকে নাগরিকদের আধুনিক সুযোগসুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হবে সেই ভবনের জায়গা কিনা বিক্রি হয়ে গেছে! এমনটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অনেকের। অস্তিত্ব থাক বা না থাক—এই প্রাসাদের (পৌর ভবন) রাজা (মেয়র) ও মন্ত্রী (কাউন্সিলর) হওয়ার লড়াইয়ে প্রার্থীরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ।পৌরবাসীর আগ্রহের জায়গাটি বুঝতে পেরে সড়ক, সড়কবাতি, নর্দমা, জলাবদ্ধতার মতো পরিচিত সমস্যা সমাধানের পাশাপাশি বিক্রি হয়ে যাওয়া জমি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শোনা যাচ্ছে মেয়রপ্রার্থীদের মুখে। এই সুরে তাল মেলাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। তবে ভোট চাইতে গেলেই অনেককে শুনতে হচ্ছে, ‘ভূমিহীন পৌরসভার মেয়র বা কাউন্সিল হয়ে লাভ কী? তা ছাড়া আগের প্যানেলই বা আমাদের কতটা আরামে রাখতে পেরেছে?’ সংশ্লিষ্ট সূত্র জানায়, কটিয়াদী পৌরবাসীর মর্যাদা পাওয়ার দিনটি ছিল ২০০১ সালের ৩১ মে। পৌরসভার আয়তন ১৭ দশমিক ৫০ বর্গকিলোমিটার। পৌরসভায় ২০টি গ্রাম আছে, যার জনসংখ্যা প্রায় ৫১ হাজার। এর মধ্যে ভোটার আছেন ২৩ হাজার ৪৭৫ জন।উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান ও ছিদ্দিকুর রহমান। তোফাজ্জল হোসেন ও ছিদ্দিকুর রহমান বিএনপি নেতা এবং শওকত ওসমান আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।নড়বড়ে পৌরসভার নাগরিক হওয়ায় মনোবেদনার শেষ নেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী স্নিগ্ধা সাহার। নতুন ভোটার তিনি। এবার প্রথমবারের মতো ভোট দিতে যাবেন। তিনি বলেন, ‘যাদের জন্য এত আয়োজন সেই তাঁরা বসবেন কোথায়? এই কথা যখন ভাবি তখন নতুন ভোটার হয়েও ভোটের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলি।’কটিয়াদী আ. মান্নান মহিলা কলেজের শিক্ষক এনামুল হক বলেন, ‘পৌর পরিষদের ভূমি রক্ষায় আমাদের আন্দোলন করতে হয়েছে। আইনি লড়াইয়ে জয়ী হতে না পারলে আন্দোলন করে ভূমি আগলে রাখা যাবে কি না জানি না। এ ক্ষেত্রে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। তা করতে ভুল করলে সবকিছু আগের মতোই থেকে যাবে।’ মেয়র পদপ্রার্থী শওকত ওসমান প্রথম আলোকে বলেন, পৌর ভবনের ৫৯ শতাংশ ভূমি গাজীপুরের শৈলেন্দ্র সাহা নিজের দাবি করে স্থানীয় বাবুল মিয়া ও রেনু মিয়ার কাছে বিক্রি করেন। তিনি অভিযোগ করেন, জমি বিক্রির ব্যাপারে বর্তমান মেয়রের হাত ছিল। এমনকি তাঁর আত্মীয়রা দলিলে সাক্ষী হন। নির্বাচিত হলে সব কিছুর আগে ভূমি সমস্যার সমাধানে উদ্যোগী হবেন তিনি।একই প্রতিশ্রুতি দিলেন অপর প্রার্থী কলেজশিক্ষক ছিদ্দিকুর রহমান। তাঁর ভাষ্যমতে, ‘এই পৌরসভার অনেক সমস্যা। পাকা সড়ক কম, ভালো খেলার মাঠ নেই, ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে পৌরবাসীর কোনো পরিচয় নেই। পৌরসভার নিজেরই কোনো অস্তিত্ব নেই। আমার কাজ হবে অনেক নেইকে আছেতে পরিণত করা। আর এ ক্ষেত্রে প্রাধান্য পাবে পৌর পরিষদ ভবনের ভূমি সমস্যা সমাধান।’প্রতিপক্ষ দুই প্রতিদ্বন্দ্বীর বক্তব্যের জবাবে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খান দাবি করেন, পৌর পরিষদের ভূমি বিক্রির সঙ্গে তাঁর কোনো হাত ছিল না। এটি আইনি বিষয়। তিনি বলেন, ‘ভূমি রক্ষায় আদালতে রিট করেছি।’ তিনি আরও বলেন, আবার নির্বাচিত হলে সমস্যাটির সমাধান সময়ের ব্যাপার মাত্র।