জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভূমিহীনদের আবাসস্থল হিসেবে নয়টি আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে। মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য সমবায় সমিতির মাধ্যমে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের সঙ্গে একটি করে বড় পুকুর তাদের দেওয়া হয়েছে।এর মধ্যে পাঁচটি পুকুর নিয়মবহির্ভূতভাবে ইজারা দেওয়ায় সেগুলো তাদের উন্নয়নের কাজে আসছে না বলে প্রকল্পগুলোর বাসিন্দারা অভিযোগ করেছেন। উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে প্রথম উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়। গত ১৪ বছরে বিভিন্ন সময়ে এ উপজেলায় সেনাবাহিনীর মাধ্যমে নয়টি আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়। এসব প্রকল্পে ৫০২টি ভূমিহীন পরিবার বাস করছে। এর মধ্যে আটটি আশ্রয়ণ প্রকল্পে মাছ চাষের জন্য খাস পুকুর আছে। নুনগোলা খাড়ির পুকুর আশ্রয়ণ প্রকল্পে কোনো পুকুর নেই। পুকুরগুলো এক থেকে তিন একর পর্যন্ত আয়তনের। আশ্রয়ণ প্রকল্পগুলো হচ্ছে জামুহালী, আটিগ্রাম, দামার পুকুর, নুনগোলা খাড়ির পুকুর, শিবপুর কৈগারী, মির্জাপুর ফেসসা, রসুলপুর বেজার, আলমপুর ও হিন্দা পাঁচখুপি।খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাপুর ফেসসা ও জালুহালী পুকুর দুটিতে বাসিন্দারা মাছ চাষ করেন। দামার পুকুরের একাংশের মালিকানা দাবি করে এক ব্যক্তি মামলা করায় সেটি পড়ে রয়েছে। অন্য পাঁচটি পুকুর ইজারা দেওয়া আছে। গত বৃহস্পতিবার জামুহালী গিয়ে দেখা গেছে, পুকুরের পানি সেচা হয়েছে। স্থানীয় বাসিন্দা আবদুর রহমান ও হোসেন আলী মাটি কেটে তাঁদের ঘরের ভিটিতে ফেলছেন। এখানকার সমবায় সমিতির সভাপতি সাহেদুল ইসলাম জানান, এক বছরে এক একর ৬৮ শতক পুকুরে চাষ করা মাছ থেকে আয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। আর মাছ চাষ বাবদ খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। সেই সঙ্গে ১০০ পরিবারের আমিষের অভাবও পূরণ হয়েছে।হিন্দা পাঁচখুপি আশ্রয়ণ প্রকল্পের সভাপতি চান মিয়া জানান, তাঁদের এক একর ৬৫ শতক পুকুরটি ৯০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য ইজারা দেওয়া আছে। সেই হিসাবে প্রতিবছর ৩০ হাজার টাকা আয় হয়। সরকারদলীয় প্রভাবশালী ব্যক্তিদের চাপে পুকুরটি পানির দামে ইজারা দিতে তিনি বাধ্য হয়েছেন।এই প্রকল্পের বাসিন্দা বাবলু মিয়া ও শাহাজান ইসলাম জানান, পুকুর ইজারার টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে ইতিপূর্বে নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছে। বাসিন্দারা পুকুরের টাকা ঠিকমতো পায় না। সমিতির সভাপতি, সম্পাদক ও নেতাদের পেটেও ভূমিহীনদের টাকা যায়। সভাপতি চান মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুর ইজারা দিতে গেলে স্ট্যাম্প, এফিডেভিট বাবদ কিছু খরচ হয় তা প্রতিটি পরিবারের কাছ থেকে নেওয়া হয়। এটি অবৈধ ইজারা জানি কিন্তু বেশির ভাগ পরিবার চায় ইজারা দেওয়া হোক। উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের পুকুর ইজারা দেওয়ার নিয়ম নেই। আমার আগের কর্মকর্তারা পুকুরগুলো ইজারা দিয়েছেন। আমি আস্তে আস্তে এগুলো নিয়মের মধ্যে নিয়ে আসব।’