ভূমিহীনদের বছরে ৫ হাজার একর খাসজমির বন্দোবস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর সারা দেশে কমপক্ষে ৫ হাজার একর কৃষি খাসজমি ২১ হাজার ভূমিহীন পরিবারের মধ্যে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে তালিকা অনুযায়ী গৃহহীন ও ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া ও গুচ্ছগ্রামে গৃহহীন পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গুচ্ছগ্রাম, আশ্রয়ণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পে কোনো আইনি জটিলতা বা প্রতিবন্ধকতা থাকলে তা নিরসন করে গৃহহীনদের পুনর্বাসন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সিটি করপোরেশন, ঢাকার পার্শ্ববর্তী জেলা, জেলা সদর বা উপজেলা শহরে গৃহহীনদের পুনর্বাসনে কোনো বাধা থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেছেন, এ দেশে কেউ গৃহহীন থাকবে না। তাই আইনি জটিলতা বা যেকোনো সমস্যা থাকলে তা খতিয়ে দেখা জরুরি। ভূমিমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরে সারা দেশে ২৬ হাজার গুচ্ছগ্রাম তৈরি করার লক্ষ্যমাত্রা সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, জুন পর্যন্ত রেলওয়ে ও বন বিভাগ থেকে ৮৫৩ কোটি ১৬ লাখ ৮১ হাজার ১৮৭ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে ভূমিসচিব মুজিবুর রহমান হাওলাদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ ও আটটি বিভাগের কমিশনাররা উপস্থিত ছিলেন।