ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া শুরু
দীর্ঘ ২২ বছর আন্দোলনের পর গতকাল মঙ্গলবার থেকে ভূমিহীনদের মধ্যে পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার খাসজমি বন্দোবস্ত দেওয়া শুরু হয়েছে। ফলে আনন্দের বন্যা বইছে ওই এলাকার ভূমিহীন পরিবারগুলোর মধ্যে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক আমরা ভূমিহীনদের খাসজমি দেওয়া শুরু করেছি। আর বিলকুড়ালিয়ার খাসজমি ও ভূমিহীনদের আন্দোলন বহুল আলোচিত। এই বিলপাড়ের ভূমিহীনেরা দীর্ঘদিন বিল আঁকড়ে পড়ে আছেন। ঐক্যবদ্ধ থাকার জন্য তাঁদের সাধুবাদ জানাই।’
প্রথম দিনে ১১৭টি দলিল নিবন্ধন করা হয়। এ উপলক্ষে কয়েক শ ভূমিহীন আনন্দ মিছিল নিয়ে সেখানে সমবেত হন। দলিল হাতে পেয়ে আনন্দে অনেকের চোখ বেয়ে পানি ঝরে। এ সময় করতালি আর বিজয়ের স্লোগানে মুখরিত হয় চারপাশ।
দলিল হাতে পেয়ে ভূমিহীন সংগঠক তৈয়ব আলী বলেন, ‘জমির জন্যি মেলা আঘাত সহ্য করিছি। কিন্তু আশা ছাড়ি নাই। আজ ফল পালেম।’
ছানোয়ারা খাতুন নামের অপর এক সংগঠক বলেন, ‘আমাগের এই আন্দোলন ছিলে এক মুঠ খাওয়া আর একখান কাপড়ের জন্যি। আমরা সফল হইছি। ইডাই কথা।’
ভূমিহীন সংগঠক ও ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান বলেন, ‘দীর্ঘ ২২ বছর ধরে ভূমিহীনেরা ঐক্যবদ্ধ থেকে এ আন্দোলন চালিয়েছেন। তাঁদের আন্দোলন আজ সফল হয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু নেই।’