ভূমিহীনদের স্বপ্নপূরণ
মাঠ ভরা সোনালি ধান। সেই ধান এবার প্রাণে উচ্ছ্বাস এনে দিয়েছে পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার ভূমিহীনদের। ধান কাটা, মাড়াই, ঘরে তোলার স্বপ্নে কাটছে তাঁদের সারা বেলা। তাঁরা গত সোমবার থেকে উৎসবমুখর পরিবেশে উপজেলার বিলকুড়ালিয়ার বন্দোবস্ত পাওয়া জমি থেকে ধান কাটা শুরু করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ ২২ বছর আন্দোলন-সংগ্রামের পর চাটমোহরের বিলকুড়ালিয়া মাঠে ২৮৫ একর খাসজমি স্থায়ী বন্দোবস্ত পান ভূমিহীন লোকজন। এ বছরই তাঁরা এই বন্দোবস্ত পান। তাই প্রথমবার নিজের জমির ধান ঘরে তোলা নিয়ে আনন্দের সীমা নেই মানুষগুলোর। সোমবার সকাল ১০টায় বিলকুড়ালিয়া মাঠে উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। স্থানীয় সংগঠন ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) জি এম মিজানুর রহমান, ভূমিহীন নেতা ইসরাইল আলম, আনোয়ার হোসেন, হাসান আলী, বাহের আলী, ছানোয়ারা খাতুন, চাম্পা খাতুন প্রমুখ।
ভূমিহীন নেতা আনোয়ার হোসেন বলেন, বহু সংগ্রামের ফসল এই ধান। বন্দোবস্ত পাওয়া জমি থেকে প্রায় ৩০ হাজার মণ ধান পাওয়া যাবে। এ পাওয়া বড় আনন্দের।
ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন বলেন, ‘এত দিন খায়া না-খায়া দিন কাটছে। ইবার নিজের ঘরের ধানে ভাত খাবানে।’
ভূমিহীন নেতা হানিফ হোসেন বলেন, ‘বিলের এই খাসজমির জন্য কত রক্ত ঝরছে। আমার হাতের কবজি কাটা গেছে। ২২ বছর পর এই খাসজমি স্থায়ী বন্দোবস্ত পেয়ে সেই দুঃখ আমি ভুলে গেছি।’
মুক্তিযোদ্ধা আতাউর রহমান বলেন, ‘খাসজমি ভূমিহীনদের। কিন্তু একশ্রেণির জোতদার অবৈধভাবে এসব জমি দখল করে ভোগ করছিল। ভূমিহীনদের দীর্ঘ সংগ্রামে কিছু জমি তারা পেয়েছে। বাকি যে জমি এখনো জোতদারদের অবৈধ দখলে রয়েছে, আমরা সেগুলোও উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছি।’
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘সরকারের নির্দেশনায় আমরা ইতিমধ্যে পাঁচ শতাধিক ভূমিহীনকে খাসজমি স্থায়ী বরাদ্দ দিয়েছি। এটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে বাকি জমিগুলোও ভূমিহীনদের দেওয়া হবে।’
১৯৯২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বে এই বিলে লাল পতাকা উড়িয়ে খাসজমি নিজেদের দখলে নেন ভূমিহীনেরা। এরপর ভূমি দখলদারদের বহু হামলা ও মামলা মোকাবিলা করে এই জমি আদায় করেন তাঁরা। ২০১৩-১৪ অর্থবছরে বিলকুড়ালিয়া মৌজার প্রায় ২৮৫ একর খাসজমি ১ হাজার ৩১৩টি ভূমিহীন পরিবারের নামে স্থায়ী বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। এ বছরই প্রথম ভূমিহীনেরা জমিতে ধান আবাদ করেন।