ভূমিহীনের জমি দখলের সত্যতা মিলেছে
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউজ্জামানের বিরুদ্ধে ভূমিহীন আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী মাহফুজা খাতুনের আট শতক খাসজমি দখলের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুস সালাম সরেজমিনে তদন্ত শেষে ১৭ জুন জেলা প্রশাসকের কাছে জমা দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদউজ্জামান আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাজ্জাকের আট শতক জমি দখলে নিয়ে স্থাপনা করেছেন। রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা ওই জমি উদ্ধারের দাবিতে গত ২০ মে সকাল থেকে জেলা কালেক্টরেট ভবন চত্বরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মজিবর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অনশন তুলে নেন । ওই দিনই জেলা প্রশাসক আবদুর রাজ্জাকের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত প্রতিবেদন চেয়ে আলমডাঙ্গার ইউএনওকে লিখিত নির্দেশ দেন। নাগদাহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত কমিটিকে জানান, জমিটি আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী মাহফুজা খাতুনের নামে নিবন্ধিত। গত মার্চ মাসে মাসুদউজ্জামান উল্লিখিত জমিতে ছাদসহ পাকাঘর তৈরি করেন। বর্তমানে ওই জমি মাসুদউজ্জামানের দখলে আছে।