ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় সভা আজ রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় সভা আজ রোববার রাঙামাটিতে অনুষ্ঠিত হবে। সভায় বিরোধ নিষ্পত্তি শুনানি শুরুর সময় নির্ধারণ এবং দরখাস্ত গ্রহণের সময় বৃদ্ধি করাসহ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
এদিকে ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ও রাঙামাটিতে ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে আজ রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্য সড়ক অবরোধ কর্মসূচি রয়েছে বাঙালিদের পাঁচটি সংগঠনের। সংগঠনগুলো হলো পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
পাঁচটি সংগঠনের সমন্বয়ক আলকাছ আল মামুন ভূঁইয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কমিশনে বাঙালিদের কোনো প্রতিনিধি নেই। ভূমি অধিকার থেকে বাঙালিরা বঞ্চিত হবে। এ জন্য সংশোধিত কমিশন আইন ও কমিশনের কার্যক্রম বাতিলের দাবি জানাচ্ছেন তাঁরা।
এদিকে কমিশনের একটি সূত্র জানায়, এর আগের কমিশনের সময় ভূমির বিরোধ নিষ্পত্তির জন্য গ্রহণ করা ৪ হাজার ৪০৮টি দরখাস্তের বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত হতে পারে।
ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব রেজাউল করিম বলেন, রাঙামাটি সার্কিট হাউসে সকাল ১০টায় আয়োজিত সভায় চেয়ারম্যানসহ কমিশনের নয় সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় বিরোধ নিষ্পত্তির শুনানি শুরুর সময় নির্ধারণ, বিরোধীয় ভূমির দরখাস্ত আহ্বানের ব্যাপারে আলোচনা হবে।
বিরোধপূর্ণ ভূমি নিয়ে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি ও বাঙালিদের কাছে দরখাস্ত আহ্বান করেছিল পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন। গত সেপ্টেম্বর মাসে এক বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে দরখাস্ত জমা দিতে সময় বেঁধে দেয় কমিশন। গত ২৪ সেপ্টেম্বর ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ সময়।
অবশ্য দরখাস্ত গ্রহণের সময় আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্য চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, এখনো অনেকে নানা কারণে দরখাস্ত করতে পারেননি।