নিয়মিত গণশুনানি হলে সরকারি সেবাগ্রহীতা ব্যক্তিদের ভোগান্তি কমবে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। একই সঙ্গে সরকারি কার্যালয়কে ঘিরে দালালদের দৌরাত্ম্য কমবে। রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে বিশিষ্টজনেরা এসব কথা বলেন।
গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রথমবারের মতো গণশুনানির আয়োজন করা হয়। এতে ১৯ জন সেবাগ্রহীতা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যার কথাই বেশি উঠে আসে।
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ভৃগুরাম চাকমা শুনানিতে বলেন, তাঁর পিতামহের নামে বগাছড়ি কৈলাসপাড়া এলাকায় ১৯৫৮ সালের ১৮ নভেম্বর জমি বন্দোবস্ত দেওয়া হয়। সেই জমির খতিয়ানের নকল কপির জন্য জেলা প্রশাসনের ভূমি শাখায় আবেদন করেন তিনি। কিন্তু তাঁকে জানানো হয় নথি পাওয়া যাচ্ছে না।
লংগদু উপজেলার সুখশ্বর চাকমা অভিযোগ করেন, ভূমির নামজারির জন্য তিনি একটি আবেদন করেছিলেন। ১৪ মাস পরও নামজারি হয়নি।
নানিয়ারচর উপজেলার তীর্থ কুমার চাকমা অভিযোগ করেন, তাঁদের ঘিলাছড়ি মৌজার হেডম্যান ১০ থেকে ১৫ বছর ধরে ভূমির খাজনা নিচ্ছেন না।
রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা বেসরকারি বিদ্যালয়গুলোর মতো পরীক্ষার ফি থেকে সম্মানী নিচ্ছেন বলে অভিযোগ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. মনিরুজ্জামান।
গণশুনানির সময় জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের নির্দেশ দেন। কোন সমস্যার জন্য সেবাগ্রহীতারা কোন কর্মকর্তার কাছে যাবেন, তা বলে দেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে সরকারি সেবা পেতে পারে, এ জন্যই গণশুনানির আয়োজন শুরু করা হয়েছে। সেবাগ্রহীতাদের অনেকের কর্মকর্তাদের কক্ষে প্রবেশের সুযোগ থাকে না। তাঁরা গণশুনানিতে এসে সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন। সমস্যা বলতে পারবেন। সমস্যা সমাধানে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দেন জেলা প্রশাসক।
গণশুনানির সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন, সহকারি পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) মো. তৌহিদুল ইসলাম, রাঙামাটি পৌরসভার সাবেক দুই চেয়ারম্যান এ কে দেওয়ান ও কাজী নজরুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলো রানী আইচ, ক্রীড়া সংগঠক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রকাশ কান্তি চৌধুরী বলেন, এখন থেকে প্রতি বুধবার গণশুনানির আয়োজন করা হবে। যদি কোনো কারণে বুধবার বন্ধ থাকে, তাহলে পরবর্তী কার্যদিবসে সেই গণশুনানি হবে।