ভূরিভোজের ফাঁকে চলল ভোট চাওয়া!
জয়পুরহাট জেলার তিনটি (আক্কেলপুর, কালাই ও জয়পুরহাট সদর) পৌরসভার আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় ব্যাপক ভূরিভোজের। তারপর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ আগতদের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোট চান।
গতকাল বুধবার বেলা ১১টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে প্রায় ১৫ হাজার মানুষকে চারটি গরু ও আটটি খাসি জবাই করে ভূরিভোজ করানো হয়েছে।
গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল ওরফে জুবেলের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনা পাওয়া নবনির্বাচিত তিন মেয়র হলেন আক্কেলপুর পৌরসভার গোলাম মাহফুজ চৌধুরী, জয়পুরহাট সদরের মোস্তাফিজুর রহমান ও কালাইয়ের খন্দকার হালিমুল আলম।
ওই সভায় প্রধান অতিথি জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আল মাহমুদউপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের এমপি “সাহেব” নই, খাদেম। আপনাদের খেদমত করতে এসেছি। আপনারা যেমন করে জেলার তিনটি পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নির্বাচিত করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একইভাবে আওয়ামী দলীয় প্রার্থীদের চেয়ারম্যান নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’
প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, সংবর্ধনা উপলক্ষে চারটি গরু, আটটি খাসি, ১২ মণ মাছ ও চল্লিশ মণ চাল রান্না করা হয়। সংবর্ধনা সভা শেষে দুপুরে কয়েক হাজার মানুষ ভূরিভোজ করেন।
হরিসাড়া গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রায় পনেরো হাজার মানুষ দুপুরের খাবার খেয়েছেন। এটি এলাকার সবচেয়ে বড় অনুষ্ঠান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাবুর্চি বলেন, ‘আমরা ৭০-৮০ জন বাবুর্চি গত মঙ্গলবার সারা রাত খাবারের আয়োজন করেছি। চারটি গরু, আটটি খাসির মাংস, বারো মণ মাছ ও চল্লিশ মণ চাল রান্না করা হয়েছে।’
গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল বলেন, গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের পক্ষে জেলার তিনটি পৌরসভার নবনির্বাচিত মেয়রকে সংর্বধনা দেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীরা অনুষ্ঠান আয়োজন করতে সহযোগিতা করেছেন।