ভূরিভোজ হলেও বিয়েটা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বয়স ১৪। একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ে। তার মতামত উপেক্ষা করে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। তবে শেষ পর্যন্ত ভূরিভোজ হলেও বিয়েটা হয়নি। উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গতকাল বুধবার ওই বাল্যবিবাহ বন্ধ করে দেন। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসী সূত্র জানায়, মেয়েটি বই-খাতা নিয়ে প্রতিদিন মাদ্রাসায় যেত। হঠাৎ করেই তার মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন খোঁজ নিয়ে জানতে পারে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। আকস্মিকভাবে গতকাল ওই বিয়ের দিনক্ষণ নির্ধারণ করে গ্রামবাসীকে দাওয়াত করেন মেয়েটির বাবা। অতিথি আপ্যায়নের জন্য একটি গরু জবাই করে সকাল থেকে শুরু হয় রান্না। খবরটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিয়ে বন্ধ করার জন্য মালঞ্চি ইউপির চেয়ারম্যানকে নির্দেশনা দেন। এরপর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। ততক্ষণে রান্নাও শেষ হয়ে গিয়েছিল। তাই বেলা একটার দিকে নিমন্ত্রিত লোকজন এলে আনন্দের সঙ্গেই ভূরিভোজ সম্পন্ন হয়।মালঞ্চি ইউপির সদস্য মোমেনা খাতুন বলেন, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী মেয়েটির বয়স মাত্র ১৪। ‘শখের বশে’ মেয়েটিকে বিয়ে দিতে চেয়েছিলেন তার মা-বাবা। কিন্তু বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পর তাঁরা ওই বিয়ে বন্ধ করে দেন। এতে মেয়েটিও খুশি হয়েছে। মেয়েটির বাবা বলেন, ‘গরিব মানুষ। তাই আগেই মেয়েটির বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সবাই যখন বিয়ে বন্ধের কথা বলল, তখন আমিও মেনে নিলাম।’ মালঞ্চি ইউপির চেয়ারম্যন আলী রেজা খান বলেন, ‘আমার ইউনিয়নে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এই বিয়েটা গোপনে সেরে ফেলা হচ্ছিল। এটি বন্ধ করতে পেরে ভালো লাগছে।’ ইউএনও সালমা খাতুন বলেন, মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।