ভূরুঙ্গামারী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয়।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের ১৯ জন এইচএসসি পরীক্ষার্থী গত ১৮ জানুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দেন জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার মো. ওয়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
ওই শিক্ষার্থীরা তাদের লিখিত অভিযোগে উল্লেখ করে, ‘তারা সবাই দরিদ্র পরিবারের সন্তান। ফরম ফিলাপের জন্য কলেজ থেকে জনপ্রতি ২ হাজার ২০০ টাকা নেওয়া হয়। কিন্তু উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান অল্প টাকায় ফরম ফিলাপ করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর ফরম ফিলাপ না করিয়ে তিনি ওই টাকা আত্মসাৎ করেন। আমরা এর ন্যায়বিচার চাই।’
কমিটি বিলুপ্তের ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করে খলিলুর বলেন, ১৯ জন দরিদ্র শিক্ষার্থীর এইচএসসি ফরম ফিলাপের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতায় সময়মতো ফরম ফিলাপের কাজ করা সম্ভব হয়নি।
ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী বলেন, ‘বোর্ড কন্ট্রলারের কাছ থেকে অতিরিক্ত সাত দিন সময় নেওয়ার পরও খলিলুর ওই ১৯ শিক্ষার্থীর কাগজপত্র ও টাকা জমা না দেওয়ায় তাদের ফরম ফিলাপ হয়নি। শুধু বোর্ডের খরচ ২০ হাজার টাকা দিলে তাদের ফরম ফিলাপ করা যেত। দুঃখের বিষয়, এসব শিক্ষার্থীর জীবন থেকে ঝরে গেল একটি বছর।’