ভূরুঙ্গামারীতে ইউএনওর কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দপ্তরি কাম প্রহরী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার অভিযোগে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অবরুদ্ধ করে রাখেন মুক্তিযোদ্ধারা। তাঁরা উপজেলা শিক্ষা কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর এবং ইউএনও কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধারা জানান, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সমেঞ্চলন করে কোটা পদ্ধতি অনুসরণের দাবি জানান।
পরে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর ঘুরে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। বিক্ষোভকারীরা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন এবং ইউএনওর কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন। এরপর সেখানেই প্রতিবাদ সভা করেন।
এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার আলমগীর মণ্ডল, সাবেক কমান্ডার আবদুল মজিদ প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধারা ইউএনও এ জেড এম এরশাদ আহসান হাবিবের অপসারণের দাবি করে বলেন, এই ইউএনও থাকা অবস্থায় কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে তাঁর উপস্থিতিতে কোনো রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করা হবে না। সেই সঙ্গে ২৬ মার্চের সরকারি সব কর্মসূচি বর্জনেরও ঘোষণা দেওয়া হয়।