ভূরুঙ্গামারীতে চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই চেয়ারম্যানের বিচার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ১৫টি পূজা মণ্ডপে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট সাত দশমিক পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান এই চাল কিনতে চান। কিন্তু দাম কম বলায় তাঁর কাছে ওই চাল বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষীপ্ত হয়ে গত সোমবার উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পূজা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এর আগে তিনি একই বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার মণ্ডলকেও একই হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ‘তারা চালের দাম শুনতে চাওয়ায় আমি তা বলেছি। তারাই এই দাম শুনে চটে যায়।’
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে ইউএনও এ জে এম এরশাদ আহসান হাবীব বলেন, ‘বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য গত মঙ্গলবার স্থানীয় মানুষদের নিয়ে বসেছিলাম। কিন্তু মিটাতে পারিনি। পরে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে অবগত করি।’