ভূরুঙ্গামারীতে ঝড়ে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গতকাল বুধবার ঝড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অনেক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়িসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে প্রচণ্ড বাতাসের সঙ্গে ঝড় শুরু হয়। ঝড়ে বলদিয়া, পাথরডুবি, ভূরুঙ্গামারী সদর ও চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপড়ে পড়েছে অনেক গাছপালা। সরেজমিনে দেখা গেছে, বলদিয়া ইউনিয়নের সাপাড়া, সাধুবাজার, ব্রমোতর গ্রাম, ধাউরার কুটি, শাহীবাজার, পূর্ব কেদার ও খানপাড়া গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে।বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, তাঁর ইউনিয়নে ঝড়ে দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া নবাব আলী মাস্টার নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ, পূর্ব কেদার দাখিল মাদ্রাসা, কেদার বিজিবি ক্যাম্প ও ইসলামাবাদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা, মইদাম ও পাথরডুবি গ্রামে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব বলেন, ঝড়ে চার ইউনিয়নে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।