ভূরুঙ্গামারীতে তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্বাচন হওয়ার কথা ছিল ৩১ মার্চ। তবে গত বুধবার এই উপজেলার তিন ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ওই তিন ইউনিয়নের অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহলবাসীকে ভোটার করতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার অভ্যন্তরে ১২টি বিলুপ্ত ছিটমহল রয়েছে। এর মধ্যে ভূরুঙ্গামারীতেই ১০টি ছিটমহল। এসব ছিটমহলের বাসিন্দাদের ভূরুঙ্গামারী সদর, শিলকুড়ি ও পাথরডুবি ইউনিয়নের সঙ্গে সীমানা পুনর্বিন্যাস করে সংযুক্ত করা হয়েছে। তবে ভোটার তালিকা প্রণয়নের আগেই দ্বিতীয় দফায় ওই তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পরে বিলুপ্ত ছিটমহলের মানুষকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে বুধবার রাতে ওই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
তবে ভূরুঙ্গামারীর শিলকুড়ি ইউনিয়নের শিক্ষক মিজানুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘নির্বাচনী আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোট স্থগিত হওয়ায় মানুষ হতাশ।’
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভূঁইয়া বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ওই ইউনিয়নগুলোতে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।’