ভূরুঙ্গামারীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে কে বা কারা গ্রামের মন্দিরে ঢুকে প্রতিমাটি ভাঙচুর করে।
মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা জানান, আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। রং দেওয়া ছাড়া প্রতিমার সব প্রস্তুতি শেষ হয়। এ অবস্থায় গতকাল সকালে মন্দিরে গিয়ে প্রতিমাটি ভাঙা দেখা যায়।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা জানান, ‘কে বা কারা কামাত আঙ্গারিয়া গ্রামের মন্দিরের প্রতিমা ভেঙেছে তা জানা যায়নি। তবে আমরা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় থানায় কোনো অভিযোগ করিনি। আবার প্রতিমা স্থাপন করে পূজা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে সংবাদ পাওয়ার পর মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে কথা হয়েছে।