কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার নথি ছিঁড়ে ফেলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সমাবেশ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হকের সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন ওয়াহেদুল্লা, আবুবকর সিদ্দিক, নুরুজ্জামান, জহুরুল হক, আজহার আলী মণ্ডল প্রমুখ।সমাবেশে বক্তারা অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে ইউএনও ১৩ জুলাই এক ঘণ্টা কলম বিরতি, মৌন মিছিল ও সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন।গত বৃহস্পতিবার বিকেলে তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের মোশারফ হোসেন (৪০) উপজেলা সেটেলমেন্ট অফিসে একই গ্রামের আজিজুল হকের পক্ষে আপিল মামলার তদবিরের চেষ্টা করেন। এ সময় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এমরান হোসেন মণ্ডল মামলাটি খারিজ হয়েছে বলে জানালে মোশারফ ক্ষিপ্ত হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার নথি ছিঁড়ে ফেলেন। এ ব্যাপারে ভুক্তভোগী ওই দিনই ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।