ভূরুঙ্গামারীতে সড়কে বাঁশের বেড়া দিয়ে প্রতিবাদ

সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে চলাচলে অসুবিধা সৃষ্টির প্রতিবাদে এবং সড়ক সংস্কার ও ড্রেনেজব্যবস্থার দাবিতে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। গত রোববার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের ভূমি কার্যালয়ের সামনে প্রধান সড়কটিতে ক্ষুব্ধ এলাকাবাসী এ কাজ করেন।
এলাকাবাসী জানান, ভূরুঙ্গামারী সদরের জামতলা থেকে শিলখুড়ি যাওয়ার প্রধান সড়কটিতে বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে ইট-সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ড্রেনেজব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে এই পথ দিয়ে চলতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন আসা-যাওয়ার সময় পানি ছিটকে পরনের পোশাক নষ্ট হয়।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী গুরুত্বপূর্ণ রাস্তাটি রোববার বন্ধ করে এভাবে প্রতিবাদ জানান। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কোনো লাভ না হওয়ার প্রতিবাদে এলাকাবাসী সড়ক বন্ধ করে দিয়েছেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদু রহমান রোজেন বলেন, ‘আমি নিজে এই পথ দিয়ে যাওয়া-আসা করি। পানি জমে সমস্যা হয়। আমরা ড্রেন নির্মাণ করতে চাই, কিন্তু মানুষ জায়গা দিতে চায় না। এতে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, ড্রেনের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।