ভূরুঙ্গামারীর রাস্তায় চলতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূরুঙ্গামারী সদর হাসপাতালে যাওয়ার একটি রাস্তার এমন  দশা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ভূরুঙ্গামারী সদর হাসপাতালে যাওয়ার একটি রাস্তার এমন দশা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অধিকাংশ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে। ভাঙা, গর্ত আর কাদাপানিতে চলাচল করতে পথচারী ও যানবাহন ভোগান্তির শিকার হচ্ছে। কোনো কোনো সড়ক দিয়ে তো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের এক হাতে বই আর অন্য হাতে পায়ের জুতা বা স্যান্ডেল নিয়ে কাদাজল পেরিয়ে চলাচল করতে হচ্ছে।
ভূরুঙ্গামারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, উপজেলায় ২৪টি পাকা সড়ক রয়েছে। এগুলোর আয়তন ৮৩ কিলোমিটার। এর মধ্যে ১৩টি সড়কের অধিকাংশই চলাচলের অনুপযোগী।
সড়ক ও সেতু বিভাগ জানায়, কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দরের দূরত্ব ৪৫ কিলোমিটার। সড়কটি সংস্কার না করেই গত বছর স্থলবন্দরটি চালু করা হয়। এতে এ পথে পাথর ও কয়লাবোঝাই ভারী যানবাহন চলাচল করে সড়কের অবস্থা আরও নাজুক করে তুলেছে।
এলাকাবাসী জানান, ভূরুঙ্গামারী উপজেলায় ১৫টি ইউনিয়ন। এরমধ্যে ভূরুঙ্গামারী হাসপাতালে যাওয়ার দুটি সড়ক। একটি সাদ্দামের মোড় হয়ে। অন্যটি মাদার ক্লিনিকের সামনে দিয়ে। সাদ্দামের মোড়ে পাটের হাট বসায় জ্যাম লেগে থাকে। তাই এ পথে রোগীদের হাসপাতালে যেতে অসুবিধা হয়। মাদার ক্লিনিকের সামনে দিয়ে বিকল্প সংযোগ সড়কটিতে জায়গায় জায়গায় গর্ত আর বৃষ্টিতে এক হাঁটু কাদাপানি জমে থাকে।
একই অবস্থা সুনীলের মোড় থেকে কিশলয় বিদ্যানিকেতন পর্যন্ত। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে সড়কটির হেরিং বন্ড ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে সোনাহাট স্থলবন্দর যাওয়ার সড়কটিরও একই অবস্থা। প্রতিদিন এ সড়ক দিয়ে শতাধিক পাথরবোঝাই ট্রাক আসা-যাওয়া করায় কার্পেটিং উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এ সড়কে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মোহির উদ্দীন (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি প্রাণ হারান।
ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক শাহ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো নির্বাচনের পূর্বেই আমরা জনকল্যাণে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি দেখতে পাই। এর সামান্য পরিমাণ বাস্তবায়ন ঘটলেও জনগণের সমস্যা অনেকটাই লাঘব হতো। কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না।’
রাস্তাগুলোর দুরবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি এন্তাজুর রহমান বলেন, ‘উপজেলার ২৪টি পাকা সড়কের মধ্যে ১৩টি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মনির উদ্দিন বলেন, সোনাহাট স্থলবন্দরগামী রাস্তায় চলতি বছরে কোনো বরাদ্দ নেই। চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।