
পটুয়াখালী সদর উপজেলার শৌলা এলাকার চানখাঁর খালের ওপর নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে যাতায়াতের বিকল্প সড়কটি ভেঙে ও দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারে পানিতেই সড়কটি ডুবে যাচ্ছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী-বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে চানখঁার খালের ওপর পুরোনো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি সরিয়ে সেখানে নতুন করে আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২৬ মিটার দীর্ঘ ও সাড়ে ৫ মিটার প্রস্থের এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। মেসার্স আক্তারুজ্জামান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। এক বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, সড়কটি জেলা সদর থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সঙ্গে যোগাযোগের পথ। এ পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ মোটরসাইকেল, টমটম, টেম্পো, ইজিবাইক ও বাসে করে চলাচল করে। সড়কটিতে গার্ডার সেতু নির্মাণ শুরুর সময় লোকজন ও যানবাহন চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর দক্ষিণ দিকে বিকল্প সড়ক নির্মাণ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সেই সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে করতে সেটি ভেঙে ও দেবে গেছে। সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতেই সড়কটি ডুবে যাচ্ছে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় পানির উচ্চতা এতটাই বেড়ে যায় যে নারী, শিশু ও বৃদ্ধদের বাধ্য হয়ে নৌকায় পার হতে হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বর্ষার পানিতে সড়কটি এখনো ডুবে রয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো। অথচ বিকল্প সড়ক তৈরিতে ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কটি পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট না করায় সামান্য পানিতে ডুবে যাচ্ছে।
ওই পথে প্রতিদিন দশমিনা উপজেলা শহরে যাতায়াত করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, বিকল্প সড়কটি ডুবে গেলেই মোটরসাইকেল নিয়ে নৌকায় করে পার হতে হয়। প্রতিটি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। ঝুঁকি তো রয়েছেই।
সেতু নির্মাণের ঠিকাদার মো. আক্তারুজ্জামান বলেন, বিকল্প সড়কটি সেতুর উত্তর দিক দিয়ে করার কথা ছিল। কিন্তু সেখানে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় দক্ষিণ পাশে খাল ভরাট করে বিকল্প সড়ক করতে হয়েছে। এর ফলে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সেতুটি ডুবে ও দেবে যাচ্ছে। স্লুইস গেট খুলে পানি নিষ্কাশনও করা যাচ্ছে না। তবে মানুষের দুর্ভোগ দ্রুত নিরসন করা হবে।
পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ হানিফ বলেন, সেতু নির্মাণের ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন গার্ডার ও স্লাব নির্মাণ শুরু হবে। যেভাবে নির্মাণকাজ এগোচ্ছে এতে করে ডিসেম্বরের মধ্যে সেতু নির্মাণ শেষ হবে এবং এই সড়কে যাতায়াত আরও সহজ হবে।