নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের দুর্গম চরবালুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নির্মিত ভবনে হামলা চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দস্যুরা। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।হামলা-ভাঙচুরের পর দস্যুরা বিদ্যালয় ভবনের ওপরের টিন, কাঠ ও দরজা-জানালাও খুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের বামনী নদীর দক্ষিণ পাড়ে জেগে ওঠা চরবালুয়ায় শিশুদের পড়ালেখার সুবিধার্থে স্থানীয় উদ্যোগে চরবালুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে স্থানীয় অনুদানে নির্মিত একটি ছোট্ট টিনের ঘরে পাঠদানের কাজ চলত।পরবর্তী সময়ে উপজেলা প্রাশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনুদানে বিগত অর্থবছরে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টির জন্য একটি আধাপাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত জুন মাসে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শেষ হয়। কয়েক দিন পরই কর্তৃপক্ষকে ভবন বুঝিয়ে দেওয়ার কথা।কিন্তু এরই মধ্যে চরাঞ্চলের এবং নদীর দস্যু বাহিনীর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে নবনির্মিত ওই বিদ্যালয় ভবনে পুলিশ ও কোস্টগার্ডের ক্যাম্প স্থাপন করা হবে। এ খবরে এলাকায় স্থানীয় জলদস্যু জাসু ও ইব্রাহিম বাহিনীর আনাগোনা বেড়ে যায়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জাসু ও ইব্রাহিমের নেতৃত্বে ৭০-৮০ জনের একদল দস্যু অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে বিদ্যালয় ভবনটি ভাঙা শুরু করে এবং রাত সাড়ে তিনটার দিকে ওপরের টিন, কাঠ ও দরজা-জানালা খুলে নিয়ে যায়। চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন প্রথম আলোকে বলেন, বামনী নদী পার হয়ে ওই এলাকায় যেতে হয়। যাতায়াত সম্পূর্ণ নির্ভর করে নদীতে জোয়ার-ভাটার ওপর। তা ছাড়া ওই এলাকাটি সম্পূর্ণ দস্যুদের কবলে। স্থানীয় একাধিক দস্যু বাহিনী রয়েছে, যাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনও ব্যর্থ।উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি রাত পৌনে ১২টার দিকে বিদ্যালয় ভবনটি দস্যুরা ভেঙে নেওয়ার খবর পান। তাৎক্ষণিক তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানালেও কেউ দস্যুদের প্রতিরোধ করতে সেখানে যেতে সাহস করেনি।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। না দিলে জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া হবে।