ভেঙে গেছে এক কিলোমিটার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডান পাশে কালিজিরা নদী৷ সামনে নদীতে বালু বহনের জন্য নৌযান৷ বাঁ পাশে স্তূপ থেকে ট্রাকে বালু তুলছেন শ্রমিকেরা৷ যেনতেনভাবে বালু উত্তোলন ও রাখার ফলে বরিশাল নগরের জাগুয়া সড়​ক ভেঙে গেছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ডান পাশে কালিজিরা নদী৷ সামনে নদীতে বালু বহনের জন্য নৌযান৷ বাঁ পাশে স্তূপ থেকে ট্রাকে বালু তুলছেন শ্রমিকেরা৷ যেনতেনভাবে বালু উত্তোলন ও রাখার ফলে বরিশাল নগরের জাগুয়া সড়​ক ভেঙে গেছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

অবৈধ বালু ব্যবসার কারণে বরিশাল নগরের জাগুয়া সড়কের এক কিলোমিটার অংশ ভেঙে গেছে৷ ভাঙন শুরু হয়েছে আরও দুই কিলোমিটার অংশে৷ এভাবে বালু ব্যবসা চলতে থাকলে ১০ কিলোমিটার সড়কের পুরোটাই কালিজিরা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল সদর উপজেলার পশ্চিম সীমান্তে কালিজিরা নদী৷ নদীর ওপারে ঝালকাঠি জেলা৷ ভাঙন থেকে নগরের বাসিন্দাদের রক্ষা করা এবং যানবাহন চলাচলের জন্য নদীর উত্তর পাশ দিয়ে প্রায় পাঁচ বছর আগে পাকা সড়ক নির্মাণ করে বরিশাল সিটি করপোরেশন৷ সড়কটি কালিজিরা বাজার থেকে শুরু হয়ে জাগুয়া হয়ে নবগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়েছে৷ সড়কটির নাম হয় জাগুয়া সড়ক৷ বেশ কয়েক বছর ধরে কালিজিরা নদী ও এর পাশেই সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন প্রভাবশালী ব্যক্তিরা৷ তাঁরা নদী থেকে বালু তুলে বলগেটে (নৌযান) ভরে জাগুয়া সড়কের পাশে নিয়ে আসেন৷ এরপর বলগেট থেকে পাইপের মাধ্যমে সড়কের উত্তর পাশে স্তূপ করেন৷ সেখান থেকে ট্রাকে করে বিভিন্ন স্থানে বালু বিক্রি করা হয়৷ এ ছাড়া রাস্তার পাশে নদীতে বড় বড় কার্গো থামিয়ে পাথর বেচাকেনা কাজ করা হয়৷
সম্প্রতি ওই সড়কে ঘুরে আটটি বলগেট থেকে রাস্তার পাশের সড়কে বালু ফেলতে দেখা গেছে৷ এ কারণে সড়কটি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে বলে মনে করেন জাগুয়া এলাকার বাসিন্দা মো. আবদুর রশীদ খান। তিনি বলেন, ‘গত এক বছর ধরে ভাঙন বেশি দেখা দিচ্ছে। বালু উত্তোলন বন্ধ না হলে এই রাস্তা আর থাকবে না।’
পুরো সড়কটি ঘুরে আবদুর রশীদ খানের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে৷ কালিজিরা বাজার থেকে চৌপাশা সেতু পর্যন্ত এক কিলোমিটার সড়কের অর্ধেকের বেশি ভেঙে গেছে। স্থানীয় লোকজন মাটি ও বালু ফেলে সড়কটি বিলীন হওয়া থেকে রক্ষার চেষ্টা করছেন। ভাঙা সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সড়কের পাশে কালিজিরা নদীতে ছিল মেসার্স মুন্সি নেভিগেন কোং নামের বালু উত্তোলনকারী একটি বলগেট৷ ওই বলগেটের মালিক মো. শাখাওয়াত হোসেন দাবি করেন, ‘আমরা অন্য স্থান থেকে বালু কেটে কালিজিরা নিয়ে পাইপের মাধ্যমে আনলোড করি। তাতে সড়কের সমস্যা হওয়ার কথা নয়।’
অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার জন্য জাগুয়া সড়কের পাশে গড়ে উঠেছে বড় বাজার৷ দুলাল এন্টারপ্রাইজ, জাগুয়া খান ট্রেডার্স, তাকওয়া এন্টারপ্রাইজ, জাহিদ এন্টারপ্রাইজসহ ১০-১২টি প্রতিষ্ঠান বালু উত্তোলন, মজুত ও বিক্রি করছে৷
তাকওয়া এন্টারপ্রাইজের মালিক মো. হারিচ হাওলাদার বলেন, ‘বালু উত্তোলনের ফলে সড়কের আংশিক ক্ষতি হতে পারে। মূলত সড়কের পাশে মাটি না থাকায় সড়কের িনচ থেকে গর্ত হয়ে সড়ক দেবে গেছে। এ ছাড়া এলাকায় বড় বড় কার্গো পাথর, বালু নামানোর জন্য নোঙর করে। সে কারণেও সড়ক ভাঙছে৷’
কালিজিরার হরিণাফুলিয়া গ্রামের বাসিন্দা মো. সামছুল হক প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘আগে রাস্তার পর নদীর দিকে কিছু জমি ছিল। প্রতিদিন বালু উত্তোলন ও বড় নৌযান ভেড়ানোর কারণে মাটি ভেঙে এখন রাস্তারও অনেকটা নদীতে বিলীন হয়ে গেছে।’
নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদউদ্দিন হাওলাদার বলেন, ‘বালু উত্তোলনের কারণেই জাগুয়া সড়কটি ভেঙে গেছে। বালু উত্তোলন বন্ধ করতে সিটি করপোরেশন থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানতে পেরেছি৷ আপাতত ভাঙা সড়ক সংস্কারের প্রয়োজন।’
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, ‘ড্রেজার দিয়ে বালু তোলায় পানির চাপে সড়কটির অর্ধেক অংশ ভেঙে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনকারীদের নোটিশ দেওয়া হবে। আপাতত ভাঙন ঠেকাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে পাইলিং করে সড়ক নির্মাণ করা হবে।’