ভেঙে গেছে কালভার্ট, ঝুঁকি নিয়ে চলছে যান

নেত্রকোনার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের নাজিরপুরের ভবানীপুর এলাকায় একটি বক্স কালভার্টের ওপরের অংশে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অবস্থা এতটাই খারাপ যে দুই সপ্তাহ ধরে দূরপাল্লার কোনো বাস ও ট্রাক চলাচল করতে পারছে না।
স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় দেড় বছর ধরে কালভার্টের এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে কর্তৃপক্ষ বলছে কালভার্টটি নতুন করে সংস্কার করা হবে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, কালভার্টটির মাঝের একটি বড় অংশ গত বছরের ফেব্রুয়ারি মাসে ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়। অতিরিক্ত ওজনের বালুবোঝাই একটি ট্রাক কালভার্টের ওপর উঠলে এ ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে এলজিইডির নেত্রকোনা কার্যালয়ের লোকজন এসে ধসে পড়া স্থানে স্টিলের পাটাতন বসিয়ে যান চলাচল সচল করেন।
এদিকে জেলার গুরুত্বপূর্ণ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি দেড় বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকায় দুর্গাপুর উপজেলার লোকজন কলমাকান্দা-দুর্গাপুর সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। প্রতিদিন সড়ক দিয়ে দুর্গাপুর ও কলমাকান্দার প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্কুল-কলেজে যাওয়া-আসা করে কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া প্রতিদিন শতাধিক পর্যটক কলমাকান্দা ও দুর্গাপুরের আসেন। কিন্তু কালভার্টটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নছিমন, করিমনসহ ছোট ছোট যানবাহন এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কালভার্টের ভাঙা অংশে যে দুটি বেইলি পাটাতন ছিল তা কোনো কাজে লাগছে না। ঝুঁকিপূর্ণ স্থানে কোনো নিশানাও টানানো নেই।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বাবুল বলেন, কালভার্টটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. হায়দার আলী মিয়া বলেন, মাস দুয়েক আগে কালভার্টটির কিছু অংশ সংস্কার করা হয়েছিল। এটি নতুন করে সংস্কারের প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।