
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর উপজেলার প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। কোনো কোনো সড়কে হেরিং বন্ডের ইট ধসে গেছে। অনেক সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা।
সম্প্রতি উপজেলা সদরে গিয়ে দেখা যায়, বাগভান্ডার সড়ক, মাদার ক্লিনিক হয়ে হাসপাতাল পর্যন্ত বিকল্প সংযোগ সড়কটির জায়গায় জায়গায় গর্ত আর বৃষ্টি হলেই কাদা পানি জমে থাকে। একই অবস্থা সুনীলের মোড় থেকে কিশলয় বিদ্যা নিকেতন পর্যন্ত সড়কটিতে। সম্প্রতি ভারী বৃষ্টিতে সড়কটির হেরিং বন্ড ধসে গেছে। এদিকে বাসস্ট্যান্ড থেকে সোনাহাট স্থলবন্দর সড়কটি নতুন করে নির্মাণ কিংবা মেরামত না করায় এর কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে ভেঙে গেছে। উপজেলা সদরে জামতলা বজলু হাজির দোকান থেকে মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।
এ ছাড়া সদরের নবনির্মিত মুক্তিযোদ্ধা সড়ক, উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে সাদ্দাম মোড় হয়ে আয়শা সিদ্দীকা বালিকা হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত, ডিগ্রি কলেজ থেকে বাংলালিংক টাওয়ার হয়ে বাসস্ট্যান্ড সংযোগ সড়ক, সিনিয়র মাদ্রাসা মোড় থেকে পাইলট হাইস্কুল সংযোগ সড়ক, বাসস্ট্যান্ড থেকে আন্ধারিঝাড় সড়ক, জয়মনিরহাট থেকে সিংঝার সড়ক, থানাঘাট থেকে বাঁশজানী সড়ক, বাগভান্ডার বিওপি থেকে থানাঘাট সংযোগ সড়ক, মঈদাম কলেজ থেকে মঈদাম উচ্চবিদ্যালয় সড়ক, বাগভান্ডার নো ম্যানস ল্যান্ড থেকে পূর্ব ভোটহাট মোড়ের নূরুল ইসলামের বাড়ি হয়ে ভোটহাট বাজার পর্যন্ত সড়ক, মানিক কাজী ঘাট থেকে পূর্ব ভোটহাট মোড়ের নূরুল ইসলামের বাড়ি পর্যন্ত, গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডিপেরহাট পর্যন্ত, তালতলা থেকে বর্তমান সংসদ সদস্যের বাড়ি-সংলগ্ন মক্তব পর্যন্ত সড়ক এবং কালাচাঁন মোড় থেকে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বাড়ি পর্যন্ত সড়কের অবস্থা বেহাল।
বাউসমারী গ্রামের বাসিন্দা ও উত্তর ধরলার কাজী ইমদাদুল হক বলেন, জয়মনিরহাট থেকে সিংঝার পর্যন্ত সড়কটির বর্তমান অবস্থা যে কতটা ভয়াবহ, তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবেন না।
এ বিষয়ে এলজিইডি উপজেলা নির্বাহী প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, উপজেলার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটগুলো মেরামতের সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।