ভেঙে গেছে বুড়িগড়া দ্বিতীয় সেতুর নিরাপত্তাবেষ্টনী

নিরাপত্তাবেষ্টনী ভেঙে অরক্ষিত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর তিনটি খঁুটি। দুটি খঁুটির নিরাপত্তাবেষ্টনী একেবারেই ভেঙে গেছে। একটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নৌযানের অসতর্কতার ধাক্কা সরাসরি সেতুর খঁুটিতে আঘাত করবে।
বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে প্রতিদিন প্রচুর নৌযান চলাচল করে। অসতর্কতায় এসব নৌযান ধাক্কা দিলে যাতে সরাসরি খঁুটিতে না লাগে, সে লক্ষ্যে নদীর যে অংশ দিয়ে নৌযান চলাচল করে, সেই অংশের খঁুটিগুলোতে লোহার মোটা খঁুটি দিয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছিল। কয়েক বছর ধরেই এসব নিরাপত্তাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত করা হচ্ছে না।
রাজধানীর বাবুবাজার ও কেরানীগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতুটি দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কেরানীগঞ্জ প্রান্তের একটি খঁুটির নিরাপত্তাবেষ্টনীর একাংশ দুমড়েমুচড়ে খুঁটির সঙ্গে আটকে আছে। বাবুবাজার প্রান্তের খুঁটিতে নিরাপত্তাবেষ্টনীর অস্তিত্বই নেই। স্থানীয়রা জানিয়েছেন, নৌযানের ধাক্কাতেই এগুলো ভেঙে গেছে। পুনরায় মেরামত বা স্থাপন করা হয়নি। রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ভেঙে যাওয়া লোহার নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশ চুরি করে নিয়ে যায়। মাল ও যাত্রীবাহী নৌযানগুলোর ঘষায় খঁুটিরও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সেতুর ওপরে সংযোগস্থলে বটগাছ জন্মেছে। ফলে সংযোগস্থলে ফাটল সৃষ্টি হয়েছে।
মিটফোর্ড ঘাটে চলাচলকারী খেয়া নৌকার মাঝি আবদুর রশিদ (৫৭) বলেন, কয়েক বছর আগে মালবাহী নৌযানের ধাক্কায় লোহার নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। এখন রাতে প্রায়ই নৌযানগুলো চলার সময় সেতুর খঁুটিতে ঘষা খায়।
বাবুবাজার ঘাট এলাকার বাসিন্দা হেলাল মিয়া বলেন, নিরাপত্তাবেষ্টনী ভেঙে গিয়ে কিছু অংশ পানিতে তলিয়ে যায়। চুরি হয়ে যায় কিছু অংশ।
জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন,
সেতুটি সার্বক্ষণিক তদারকির লোক রয়েছে। নিরাপত্তাবেষ্টনী ভাঙার বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।