ভেঙে গেল রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ
নেতৃত্বের দ্বন্দ্বে মাত্র ছয় মাসের মাথায় ভেঙে গেছে চারটি শিক্ষক সংগঠনের জোট জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। পরিষদের একটি সমিতিকে বাদ দিয়ে অন্য তিনটি সমিতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ নামে নতুন জোট গঠন করেছে। নতুন জোটে অন্য আর একটি সমিতিকে সঙ্গে নিয়েছে তারা।আগের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম শিক্ষক না—এ অভিযোগ তুলে পরিষদ ভাঙা হয়। নতুন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে আরেকটি শিক্ষক সমিতির নেতা আমিনুল ইসলাম চৌধুরীকে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।নতুন পরিষদ চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ১৪ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে নতুন পরিষদের আমিনুল ইসলাম ছাড়াও কো-চেয়ারম্যান শেখ আবদুস সালাম মিয়া, সদস্যসচিব আ. রহমান ও যুগ্ম সদস্যসচিব মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। শেখ আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি সামসুল আলম শিক্ষক নন। এ জন্য তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন পরিষদ করেছি।’ সামসুল আলম পরিষদ ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, চেয়ারম্যান ও সদস্যসচিবের পদ নিয়ে সমস্যা হচ্ছিল। এ জন্যই এমনটি হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষক নই এই অভিযোগ ঠিক নয়। আমি ২২ বছর ধরে শিক্ষকদের জন্য আন্দোলন করছি।’