
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো চালুর অভিযোগ উঠেছে। সরেজমিনে চারটি ভাটায় অভিযোগের সত্যতা মিলেছে।
ঝিনাইদহে শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে অনুমোদনহীন পাঁচটি ইটভাটায় ২৩ মার্চ পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভাটাগুলোর ব্যারেল চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মালিকদের ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হচ্ছে শৈলকুপা উপজেলার মনির ব্রিকস, বাবুল অ্যান্ড কামাল ব্রিকস, রাহুল ব্রিকস, সদর উপজেলার সততা ব্রিকস ও কালীগঞ্জ উপজেলার এএসবিএম ব্রিকস।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভেকু মেশিন’ দিয়ে ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে চিমনিগুলোও ভেঙে দেওয়া হয়। এরপর এসব ভাটা ইট পোড়ানোর কাজ শুরুর উপযোগী থাকার কথা নয়। তারপরও কীভাবে তা করা হচ্ছে, সেটি খোঁজ নিয়ে দেখবেন তিনি।
বাবুল অ্যান্ড কামাল ব্রিকস ছাড়া অন্য চারটি ইটভাটায় ২৬ মার্চ সরেজমিনে দেখা যায়, প্রতিটিতেই আগের মতো ইট তৈরির কার্যক্রম চলছে। ভেঙে ফেলা চিমনিগুলো আবার সোজা করে বসানো হয়েছে।
সদর উপজেলার সততা ব্রিকসের চিমনি মাঝ থেকে ভেঙে দেওয়ায় অর্ধেকটা দাঁড় করিয়ে কাজ চালানো হচ্ছে। এএসবিএম ব্রিকসের ভেঙে দেওয়া ব্যারেল চিমনি সোজা করে ইট পোড়ানোর কাজ করা হচ্ছে। দুটি ভাটাতেই স্তূপ করে রাখা হয়েছে বিশাল পরিমাণে জ্বালানি কাঠ।
নাম প্রকাশ না করার শর্তে এএসবিএম ব্রিকসের এক শ্রমিক বলেন, ২৩ মার্চ বিকেলে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে এ ভাটা ভেঙে দেন। পরদিন বিকেল থেকেই তাঁরা আবার কার্যক্রম শুরু করেছেন।
তবে সততা ব্রিকসের মালিক সরোয়ার হোসেন বলেন, অভিযানকালে চিমনি ভেঙে দেওয়ার পর থেকে সেটি সেভাবেই পড়ে আছে। অন্যরা চালু করতে পারে। কিন্তু ইটভাটা চালু করার মতো কোনো পুঁজিই তাঁর নেই।
শৈলকুপা উপজেলার চতুড়িয়া এলাকার রাহুল ব্রিকস কর্তৃপক্ষও একইভাবে ইট পোড়াতে শুরু করেছে। এখানে পৃথক দুটি স্থানে তিনটি ব্যারেল চিমনি ব্যবহার করে ভাটা চালানো হচ্ছে। এই ভাটার পাশের এক বাসিন্দা বলেন, অভিযানের পরদিনই ইটভাটাটি পুনরায় চালু করা হয়। একইভাবে উপজেলার মনির ব্রিকস ও বাবুল অ্যান্ড কামাল ব্রিকসও চালু করা হয়েছে।
রাহুল ব্রিকসের মালিক স্থানীয় পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান বলেন, তিনি এখনো ইটভাটাটি চালু করতে পারেননি। তবে শিগগিরই চালু করবেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আতাউর রহমান বলেন, তাঁরা আবারও অভিযানে নামবেন। তবে এসব ভাটার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কিছু উদ্যোগ নিলে ভালো হয় বলে উল্লেখ করেন তিনি।