ভেঙে দেওয়া হলো বেইলি রোডের সেই সরকারি স্কুলটি
রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন-সংলগ্ন সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যালয়টি কার্যত বিলীন হওয়ার পথে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এ জন্য অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছে।
মন্ত্রণালয়ের নির্দেশে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সন্তোষ কুমার অধিকারী প্রথম আলোকে জানান, দীর্ঘ ছুটি শেষে গত বৃহস্পতিবার বিদ্যালয় খুলেছে। সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, বিদ্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাস করানোর মতো আর অবস্থা নেই। পরে এ নিয়ে জিডি করা হয়। এই জিডির ভিত্তিতেই ফৌজদারি মামলা হবে।
মন্ত্রণালয় ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ১৯৬২ সালে গাইড হাউস বিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেও পরে ১৯৭৩ সালে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়টিও সরকারীকরণ করা হয়। তখন বিদ্যালয়টি অধিগ্রহণ করা হয় এবং তখন থেকে সেটি প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একপর্যায়ে গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এখানে বিদ্যালয় না থাকার জন্য চেষ্টা চালায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন ধরে এই অবস্থায় চলায় বিদ্যালয়টি ভঙ্গুর অবস্থায় পৌঁছায়। সূত্রমতে, মামলার রায় অ্যাসোসিয়েশনের পক্ষে যায়। কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রায় পাওয়ার পর মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে, কিন্তু তা না মেনে রাতের আঁধারে বিদ্যালয়টি ভেঙে ফেলা হয়েছে।