ভেঙে দেওয়া হলো আ.লীগ সমর্থিত প্রার্থীর সভামঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আল মামুনের পক্ষে জনসভার জন্য নির্মিত মঞ্চ ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা উচ্চবিদ্যালয় এলাকায় নির্মিত মঞ্চটি ভেঙে দেওয়া হয়। এ সময় মঞ্চ নির্মাণকারীদের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এম এন মোস্তফা নূরের প্রচারণার গাড়িকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ শাহীন ইমরান প্রথম আলোকে বলেন, কোনোভাবেই সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করতে দেওয়া হবে না। এ জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার: সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল চৌধুরী, আবুল কালাম আজাদ চৌধুরী ও মহিউদ্দীন আহমেদ ওরফে মঞ্জুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় ওই তিনজনকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।