ভেঙে দেওয়া হলো বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি
ছয় বছর পর বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন ডাকা হলেও গতকাল শুক্রবার সেই সম্মেলন হয়নি। গত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সম্মেলন স্থগিত এবং জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়েছে। জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই অংশের বিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। ২০০৪ সালের ২৮ এপ্রিল শুভাশীষ পোদ্দার জেলা ছাত্রলীগের সভাপতি এবং সুলতান মাহমুদ খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কিন্তু এরপর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়নি।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা ছাত্রলীগ গত ৪ জুন বর্ধিত সভা করে। এরপর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ২ জুলাই নির্ধারণ করা হয়।গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে সম্মেলন স্থগিত এবং কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। ভেঙে দেওয়া কমিটির সভাপতি শুভাশীষ পোদ্দার এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, অনেক বাধা পেরিয়ে দীর্ঘদিন পরে হলেও তাঁরা সম্মেলনের আয়োজন করেছিলেন। কিন্তু দলের ভেতরের একটি অংশ সম্মেলনের বিরোধিতা করায় এবং সংগঠনের জন্য ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনিও কমিটি ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই কমিটি ভেঙে দিয়ে সম্মেলন স্থগিত করা হয়েছে।