ভেঙে দেওয়ার এক দিন পরই ভাটা ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ভেঙে দেওয়ার এক দিন পরই অর্ধেক ড্রাম চিমনি বসিয়ে, জব্দ করা কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চলছে পটুয়াখালীর বাউফলের একটি ইটভাটায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অরুণা এন্টারপ্রাইজ নামের ওই ইটভাটায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।এর আগে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে সেটি বন্ধ করে দেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করেন কয়েক শ মণ কাঠ। এসব কাঠ ইটভাটাতেই রাখা ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল্লাহ শরিফী জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে ওই জায়গায় ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।ইট পোড়ানোর কথা অস্বীকার করে অরুণা এন্টারপ্রাইজ ইটভাটার ব্যবস্থাপক নান্নু মিয়া বলেন, ‘আমরা সরকারিভাবে বৈধতা পাওয়ার চেষ্টা করছি। দীর্ঘদিন বন্ধ থাকলে ইটভাটাটি নষ্ট হয়ে যাবে। এ কারণে আগুন জ্বালিয়ে রাখছি।’ প্রসঙ্গত, ৫ জানুয়ারি প্রথম আলোয় ‘বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির, পুড়ছে কাঠ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে গত সোম ও মঙ্গলবার দুই দিন আদালত অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটার চিমনি ভেঙে সেগুলো বন্ধ করে দেন। এই পাঁচটিসহ মোট ছয়টি ইটভাটার মালিককে জরিমানা করা হয় দুই লাখ টাকা ও জব্দ কর হয় চার হাজার মণ কাঠ।