ভেঙে পড়ছে সেতু, নাম নিয়ে ব্যস্ত সাংসদ
নাটোরের সিংড়ায় সিধিখালী বিলের মাথায় একটি সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেটি ভেঙে পড়ছে। এদিকে ওই ভাঙা সেতুর নামকরণ নিয়েই তোড়জোড় শুরু করেছেন স্থানীয় সাংসদ। অথচ সেতুটি নির্মিত হচ্ছে সরকারি টাকায়।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়া ও সাংসদ জুনায়িদ আহমেদ তাঁর বাবার নামে সেতুর নামকরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সেতু এলাকার খেয়া নৌকার মাঝি আবদুর রহিম বলেন, ‘পলক ভাই (সাংসদ জুনায়িদ) ব্রিজ করি দিচ্ছে এতে আমরা খুব খুশি। তবে তিনি নামকরণ লিয়া ব্যস্ত না থ্যাকি তাড়াতাড়ি ভালো করি ব্রিজটা শেষ করলে আমরা আরও খুশি হতাম।’
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, সিংড়ার শেরকোল ইউনিয়নের সিধিখালী বিলের মাথায় আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করছে এলজিইডি। এর নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালের ২৩ মে। চার কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ১২ মে সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল।
দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৫২০ ফুট দীর্ঘ ও ১৮ ফুট চওড়া এই সেতুর সাতটি গার্ডারের মধ্যে পাঁচটির নির্মাণকাজ শেষ হয়েছে।
তবে নির্মাণ ত্রুটির কারণে আগস্টের শুরুতে সেতুর ৩ ও ৪ নম্বর গার্ডারের মধ্যে ডেস্ক স্ল্যাব (মেঝে) ভেঙে পড়ে। তদন্ত শেষে নাটোরের নির্বাহী প্রকৌশলী ঠিকাদারকে লিখিতভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে কাজ বন্ধ থাকায় সেতুর রডসহ অন্যান্য উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজনের দুর্ভোগও শেষ হচ্ছে না। তাঁরা নৌকায় করে সেতু এলাকায় যাতায়াত করছেন। এই অবস্থায় সাংসদ (নাটোর-৩) জুনায়িদ আহমেদ সেতুর নামকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তড়িঘড়ি করে তিনি সেতু এলাকায় গিয়ে ২৭ আগস্ট তাঁর বাবা মৃত ফয়েজ উদ্দিনের নামে সেতুর নামফলক উন্মোচন করেন। শ্বেতপাথরের ওই নামফলকটি ইতিমধ্যে সেতুর পূর্ব প্রান্তের ১ নম্বর গার্ডারে সংযুক্ত করা হয়েছে।
সেতুর ঠিকাদার আইয়ুব খান বলেন, ‘বিলের পানির অত্যধিক স্রোতের কারণে নির্মাণকাজ কিছুটা দেরি হয়েছে। আর ধসে পড়ার জন্য নির্মাণকাজের কোনো ত্রুটি ছিল না। স্রোতের তোড়ে প্রতিরক্ষা স্থাপনা সরে যাওয়ায় ডেস্ক স্ল্যাব পড়ে যায়। এ কারণে প্রকৌশলীদের পরামর্শে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বর্ষা শেষ হলে আবার শুরু করব।’
সাংসদ জুনায়িদ আহমেদ বলেন, ‘আমার বাবা এই এলাকার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি এখানে সেতু নির্মাণের জন্য বিভিন্ন মহলে অনেক চেষ্টা-তদবির করেছেন। আমি সন্তান হিসেবে তাঁর চেষ্টা সফল করেছি। এ কারণে এলাকাবাসীর অনুরোধে তাঁর নামে নামকরণ করা হয়েছে। যথাযথভাবে সেতুর কাজ শেষ করার জন্য আমার খেয়াল রয়েছে। এটা নিয়ে এলাকাবাসীর আশঙ্কার কোনো কারণ নেই।’
১৩ সেপ্টেম্বর সেতু এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তবে সাংসদের বিরুদ্ধে নাম প্রকাশ করে কেউ কথা বলতে রাজি হননি।
এক স্কুলশিক্ষক বলেন, ‘সাংসদ নিজের টাকায় বাবার নামে সেতু করলে আমাদের কোনো আপত্তি ছিল না। আর নামকরণ করার মতো তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন না। এই সেতু নির্মাণের পেছনে তাঁর কোনো অবদানও ছিল না।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, ‘নামকরণের ব্যাপারে আমি মন্তব্য করতে পারব না। তবে সেতুর নির্মাণকাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। নির্মাণকাজে আর কোনো ত্রুটি না রেখে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি।’