ভেঙে পড়েছে পুলিশের বেতার যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী বিদ্যুৎবিভ্রাটের কারণে পুলিশের বেতার (ওয়্যারলেস) যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাতে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কর্মকর্তারা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের বিদ্যুৎবিভ্রাটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইতিহাস রয়েছে। তা ছাড়া আজ জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় হওয়ার কথা রয়েছে আজ। তাই সব মিলিয়ে রাজধানীসহ সারা দেশে যথাসম্ভব নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকার ট্রাফিক ব্যবস্থা বিদ্যুৎ নিয়ন্ত্রিত না হওয়ায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে বিদ্যুৎ না থাকায় চার্জের অভাবে পুলিশের বেতার যোগাযোগ (ওয়্যারলেস) ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।
অন্ধকারে বিভিন্ন সড়কে জরুরি বাতি জ্বালিয়ে, সাইরেন বাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। তবে ঢাকার থানাগুলো পুরোটাই অন্ধকারে ডুবে ছিল।
রাত সাড়ে নয়টায় রমনা থানায় গিয়ে দেখা যায়, তল্লাশিচৌকিতে ব্যবহৃত ছোট জেনারেটর দিয়ে আলো জ্বালিয়ে রাখা হয়েছে থানার প্রাঙ্গণে। কর্মকর্তাদের কক্ষে অন্ধকার। মুঠোফোনের আলো জ্বালিয়ে চলছেন সবাই। ওয়্যারলেস যোগাযোগ বন্ধ। আর এই থানার মধ্যে মন্ত্রিপাড়াসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয় রয়েছে। থানার বেশির ভাগ কর্মকর্তাই গেছেন সেসবের নিরাপত্তা দিতে।
রাত নয়টার দিকে মিরপুর থানায় ফোন করলে জানানো হয়, ওয়্যারলেস সেটগুলো বন্ধ হয়ে গেছে। মুঠোফোনে যোগাযোগ হচ্ছে।
হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম রাতে বলেন, থানায় জেনারেটর এবং আইপিএস আছে। যার কারণে থানায় কোনো সমস্যা নেই। সবাইকে সতর্ক রাখা হয়েছে।
রাত পৌনে ১০টার দিকে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, রাত সাড়ে নয়টার দিকে তাঁর থানায় বিদ্যুৎসংযোগ এসেছে। সংসদ ভবন, গণভবনসহ রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এই থানার মধ্যে।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সন্ধ্যা থেকে র্যা বের সব কটি ব্যাটালিয়ন অতিরিক্ত টহলসহ নিরাপত্তা বাড়িয়েছে।