
নওগাঁর রানীনগরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি। মানুষ চর্মরোগ, ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
চাহিদা অনুযায়ী ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা না পৌঁছায় দুর্গত এলাকায় সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গভীর ও অগভীর নলকূপ ডুবে যাওয়ায় খাবার পানির জন্য দুর্ভোগে পড়েছে মানুষ।
গত ২৪ আগস্ট উপজেলার নওগাঁর আত্রাই উপজেলার মিরাপুর গ্রামে রানীনগর-আত্রাই সড়ক ভেঙে রানীনগরের সাতটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের এক লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এতে আদমদীঘি উপজেলার দুটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই হাজার হেক্টরের ফসল তলিয়ে গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, কয়েক দিন ধরে বন্যার পানি কমার সঙ্গে চামটা, বাঁশবাড়িয়া, ভাটকৈ, শলিয়া, লক্ষ্মীপুরসহ বিভিন্ন গ্রামের মাটির তৈরি প্রায় আড়াই শ ঘরবাড়ি ভেঙে গেছে। বন্যার দূষিত পানিতে দেখা দিয়েছে চুলকানি, পাচড়া, ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত নানা রোগ। প্রায় সাড়ে তিন শ গভীর ও অগভীর নলকূপ পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। বন্যার পানিতে ভিটামাটি তলিয়ে যাওয়ায় সাপের উপদ্রব বেড়ে গেছে। গত ১৫ দিনে বিভিন্ন গ্রামে বিষধর সাপের কামড়ে কিছু গরু, ভেড়া ও ছাগল মারা গেছে।
রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নাজমুল আহসান বলেন, পানিবাহিত রোগ মোকাবিলায় কমিউনিটি ক্লিনিকের কর্মীরা বন্যার্ত মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ১৯ হাজার ট্যাবলেট পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, নওগাঁর ছোট যমুনা নদী ও আত্রাই নদের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌরসভার ২৫টি গ্রামের আমনের ফসল তলিয়ে গেছে। এতে কৃষকদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
দমদমা গ্রামের কৃষক বেলাল মল্লিক বলেন, এ মৌসুমে তিনি ২৫ বিঘা জমিতে আমনের ফসল লাগিয়েছিলেন। বন্যায় তাঁর সব ফসল পানির নিচে তলিয়ে গিয়ে পচে গেছে। ওই জমিতে ধান রোপণের জন্য তাঁর প্রায় লাখ টাকা খরচ হয়েছে।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, এ বছর উপজেলায় ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় ২ হাজার ৩৪৭ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এসব জমির ধানের ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ২০ কোটি ৩৫ লাখ টাকা।