ভেঙে পড়ছে শ্যামলী শিশুপার্কের রাইড

কার আগে কে চড়তে পারে, তার প্রতিযোগিতা। প্রতিটি রাইডেই শিশুদের ভিড়। বড়রাও বেড়াতে এসেছেন। তবে শ্যামলীর এ শিশুপার্কের কিছু রাইড ভাঙা। মানা হচ্ছে না কিছু নিয়ম।
খিলজি রোডের শ্যামলী শিশুপার্কটিতে বিকেল হলেই আশপাশের শিশুরা চলে আসে। মূল গেট থেকে হাতের বাঁ দিকে শিশুদের জন্য বেশ কিছু রাইড বানানো হয়েছে। সেখানে আছে দোলনা, সিসো, সিঁড়ির মতো কিছু রাইড।
গতকাল শুক্রবার বিকেলে দেখা যায়, পার্কে বেশ ভিড়। আসমা বেগম নিজের ও বোনের বাচ্চাদের নিয়ে এসেছেন। একটি দোলনায় তিনজন। পেছন থেকে আসমা ওদের দোল দিচ্ছেন। তিনি বলেন, আশপাশের অন্য পার্কের তুলনায় এর পরিবেশ ভালো। প্রায় বিকেলেই বাচ্চাদের নিয়ে আসেন এখানে। তবে আরও কিছু রাইড বাড়ানোসহ যত্ন নেওয়ার জন্য বলেন। আরও কয়েকজন অভিভাবক বলেন, টয়লেট সুবিধা ও তুলনামূলক পরিচ্ছন্ন থাকায় তাঁরা বাচ্চাদের নিয়ে আসতে উৎসাহ বোধ করেন।
পার্কে একটি দোলনার শিকল খুলে গেছে। তার ওপরেই বসার চেষ্টা করছে দুই শিশু। রাব্বি নামের এক শিশু বলে, ‘বাকিডি তো খালি নাই। এইডা ভাঙা দেইখাই খালি থাকে।’ সিঁড়ির মতো ঘুরে ঘুরে ওপরে ওঠার একটি রাইডের নিচের অংশগুলো নেই। এর পাশেই চলছে ছোটদের ক্রিকেট খেলা। বড়রা উৎসাহ দিচ্ছেন। পার্কের চারদিকে বসার জায়গা বানানো হয়েছে। অনেকেই বসে আড্ডা দিচ্ছেন। কেউ বসেছেন ঘাসের ওপরে। ধীরে ধীরে হাঁটতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। মোমিন মিয়া নিয়মিত হাঁটেন এ পার্কে। তিনি বলেন, পার্কটা আগের চেয়ে ভালো হয়েছে। কিন্তু দেখাশোনা না করা হলে আবার নষ্ট হবে। ভাঙা রাইডগুলো দেখিয়ে বললেন, ‘খেলনাগুলো ভাঙা শুরু হয়ে গেছে। হকার তো আছেই। মনিটরিং না থাকলে গাছপালাও থাকবে না।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের এ পার্ক ২০১৫ সালের জানুয়ারিতে সংস্কার করা হয়। পার্কে ঢুকতে শুরুতেই কিছু নির্দেশনাবলি দেওয়া একটি নোটিশ টাঙানো। পার্কের সময়সূচি ও নানা বিধিনিষেধ আছে। এর মধ্যে আছে হকার প্রবেশ নিষিদ্ধ। তবে হকাররা ঘুরে বেড়াচ্ছে। চা, সিগারেট, ঝালমুড়ি, ভেলপুরি খাবার বিক্রি করছে তারা ঘুরে ঘুরে।
৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বছর দুয়েক আগে পার্কটি সংস্কার করা হয়। এখানে দেখাশোনার জন্য লোক না থাকায় সমস্যা হচ্ছে। ভবঘুরেরা এসে এসব ভাঙছে। একজন লোক রাখার ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, দুই মাসের মধ্যে সংস্কারের জন্য কাজ ধরা হবে। রাইড বাড়ানোর বিষয়টিও চিন্তা করা হচ্ছে।