ভেঙে পড়ল বিচারকের কক্ষের ছাদ
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের এক বিচারকের খাস কামরার ফলস সিলিং ভেঙে পড়েছে। এ সময় বিচারক খাস কামরায় থাকলেও তাঁর কোনো ক্ষতি হয়নি। আজ সোমবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাওহিদ আল আজাদের খাস কামরায় এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, গত বছর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের (সিজেএম) পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। তাই জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালতের মধ্যবর্তী স্থানে অস্থায়ী টিনশেড ভবন তৈরি করে সিজেএম আদালতের কার্যক্রম শুরু করা হয়। এতে ১০ জন বিচারক রয়েছেন। আজ বিকেল চারটার দিকে হঠাৎ বিচারক তাওহিদ আল আজাদের কক্ষের শৌচাগারের ফলস সিলিং ভেঙে পড়ে। এ সময় কামরায় বিচারক ছিলেন। এতে আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির করা অস্থায়ী টিনশেড ভবনে ফলস সিলিংসহ আনুষঙ্গিক কিছু কাজ করা হয়েছে। যেভাবে সিলিং ভেঙে পড়েছে, ওয়াশ রুমে কেউ থাকলে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান খান অ্যান্ড সন্স। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি বুঝিয়ে দেওয়ার পর থেকে প্রায়ই বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মাহবুবার রহমান সরকার প্রথম আলোকে বলেন, বিষয়টি শুনেছি। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে খান অ্যান্ড সন্সের সংশ্লিষ্ট কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।