ভেঙে পড়ল বিচারকের খাস কামরার সিলিং
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের এক বিচারকের খাস কামরার ফলস সিলিং ভেঙে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বিচারক। জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাওহিদ আল আজাদের খাস কামরায় এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর গত বছরের ১৩ ডিসেম্বর এই অস্থায়ী ভবনে সিজেএম আদালতের কার্যক্রম শুরু হয়। খাস কামরার ভেতরেই বিচারকের বসার জায়গার পাশে এক কোণে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ঘটনার সময় বিচারক তাঁর চেয়ারে বসে কাজ করছিলেন। ওয়াশরুমের ভেতরের অংশ ভেঙে পড়েছে। ওয়াশরুমের দেয়ালের কারণে বাকি অংশ ঝুলে আছে।
এ ঘটনায় স্থায়ী ভবনে বসে কাজ করা নিয়ে বিচারিক হাকিমদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকেরা।
এ বিষয়ে পিডব্লিউডি উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম চৌধুরী প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির করা অস্থায়ী টিনশেড ভবনে ফলস সিলিংসহ আনুষঙ্গিক কিছু কাজ করা হয়েছে। যেভাবে সিলিং ভেঙে পড়েছে, ওয়াশরুমে কেউ থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান খান অ্যান্ড সন্স। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি বুঝিয়ে দেওয়ার পর থেকে প্রায়ই বিভিন্ন অভিযোগ পাচ্ছেন তাঁরা। অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন।
আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মাহবুবার রাহমান সরকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কেন এই ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হবে।’ জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালতের মধ্যবর্তী স্থানে অস্থায়ী টিনশেড ভবনে সিজেএম আদালতের কার্যক্রম চলছে। ১০ জন বিচারক রয়েছেন। এই টিনশেড ভবনেই দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন শাখা, নন-জিআর শাখা ও সিজেএম আদালতের সেরেস্তা রয়েছে।