ভেঙে পড়ল ভরসার একমাত্র সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর-আলোকদিয়ার গ্রামে করতোয়া নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকোটি ভেঙে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর-আলোকদিয়ার গ্রামে করতোয়া নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকোটি ভেঙে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কৃষ্ণপুর ও আলোকদিয়া গ্রামের মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। ফলে করতোয়া নদী দিয়ে বিভক্ত দুই পারের প্রায় ১০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে সাঁকোটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
দুই গ্রামের সাত-আটজন বাসিন্দা বলেন, বৃষ্টির পানি আর রোদের তাপে সাঁকোটির অবস্থা খুব নাজুক ছিল। প্রায় ছয় মাস আগে সাঁকোটির কয়েক জায়গায় বাঁশ খুলে পড়ে যায়। পরে গ্রামবাসী ভাঙা সেতুর জায়গায় একটি মাত্র বাঁশ টানিয়ে দেয়। এখন দিনে ও রাতে ওই বাঁশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারে বাধ্য হচ্ছে স্থানীয় মানুষ।
বাসিন্দারা বলেন, সাঁকোর পরিবর্তে পাকা সেতুর জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু তাতে প্রশাসনের কোনো নজর নেই। পাকা সেতু নির্মাণের দাবি পূরণ না হওয়ায় চার বছর আগে এলাকার মানুষ চাঁদা তুলে সাঁকোটি নির্মাণের উদ্যোগ নেয়। তারা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করে ২৫০ ফুট দৈর্ঘ্যর বাঁশের সাঁকো। প্রথম দিকে এ সাঁকোর ওপর দিয়ে মালবোঝাই ভ্যান চলাচল করত। কিন্তু একপর্যায়ে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। চার মাস আগে এটি ভেঙে পড়ে। এরপর থেকে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে মানুষ। অনেকে আবার ঝুঁকি নিয়ে একটি বাঁশের ওপর দিয়েই পার হচ্ছে।
কৃষ্ণপুর গ্রামের ভ্যানচালক জাফর মিয়া (৩৫) বলেন, ‘হামরা বিভিন্ন জায়গাত কয়্যাও বিরিজ করব্যার পারিনি। তাই বছর চারেক আগে কষ্টের কথা ভ্যাবা নিজেরাই চাঁদা তুল্যা এই বাঁশের পুলডা বানাছিনু। সেডা ভ্যাঙা যাওয়ায় হামরা একন বিপদে পড়িচি।’ একই গ্রামের গৃহবধূ হালিমা বেগম বলেন, ‘বিরিজ-টিরিজ পরে। একন হামাকেরে নগদ দরকার বাঁশের সাঁকো। এডা হলিই হামাকেরে একনকার কষ্ট কমে।’
আলোকদিয়া গ্রামের ব্যবসায়ী এরশাদুল আলম (৪৫) বলেন, পাকা সেতু পরে হবে, আগে বাঁশের সাঁকোটি আবার তৈরি করা দরকার। তা না হলে দুই পারের মানুষের অনেক সমস্যা হচ্ছে।
রায়নগর ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, ‘এলাকাবাসী সাঁকোটি পুনর্নির্মাণের উদ্যোগ নিলে আমি সব ধরনের সহযোগিতা করব। তবে এখানে একটি পাকা সেতু দরকার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেও জানিয়েছি। আবারও জানানো হবে।’