ভেঙে পড়া দেয়ালের দায় নিচ্ছে না বিএসএমএমইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পার্কিংয়ের পূর্ব দিকের সীমানাপ্রাচীর ছিল দুর্বল ভিতের ওপর। এতে কোনো আরসিসি পিলার ছিল না। পাঁচ ইঞ্চি প্রস্থের ওই দেয়ালের পুরোটাই ইটের গাঁথুনি। গত বুধবার বিকেলে এই দেয়ালের একাংশ ধসে পড়ে এক নারী নিহত এবং চার ব্যক্তি আহত হন।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, দেয়ালটির নির্মাণ তারা করেনি। সরকারের লিজ পাওয়া এই জায়গার সীমানাপ্রাচীর আগেই নির্মাণ করা হয়েছিল। তাই প্রাচীরটি দুর্বল না সবল, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। সম্প্রতি প্রাচীর লাগোয়া ফুটপাত মেরামতের কারণে মাটি সরে যাওয়ায় প্রাচীরের দুই পাশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এতে দেয়ালটি ধসে পড়ে।
এদিকে প্রাচীর ধসে নিহত পারভীন আক্তারের দাফন গতকাল সম্পন্ন হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক জাহিদুল ইসলাম ও আনসার সদস্য নুরুল ইসলাম এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমানাপ্রাচীরের ভাঙা অংশ পড়ে আছে। প্রাচীরের নিচের ভিতও ছিল ইটের। প্রাচীরটি যে স্থানে ধসে পড়েছে, তার ভেতরের দিকের মাটির উচ্চতা বাইরের দিকের চেয়ে প্রায় দুই ফুট উঁচু। দেয়ালের কিনারা ঘেঁষে ছিল বেশ কিছু কলাগাছ। উঁচু হয়ে থাকা মাটির একটা চাপ দেয়ালের ওপর ছিল বলে আপাতদৃষ্টিতে মনে হয়।
প্রাচীর ধসে পড়ার কারণ জানতে বিএসএমএমইউর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
ঘটনা তদন্তে বিএসএমএমইউ পাঁচ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছে, তার প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি তাঁরা এখনো পাননি। তবে গতকাল থেকেই তাঁরা অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সিটি করপোরেশন ফুটপাত মেরামত করতে গিয়ে মাটি খোঁড়াখুঁড়ি করেছে। এ কারণে প্রাচীরের বাইরের দিকটা অনেক নিচু হয়ে গেছে। দুপাশের ভারসাম্য নষ্ট হয়েছে। আর অতিবৃষ্টির কারণে মাটির চাপ বেড়ে যাওয়ায় প্রাচীরটি ধসে পড়ে।
প্রাচীরে আরসিসি পিলার ছিল কি না, জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, এই প্রাচীর বিএসএমএমইউ কর্তৃপক্ষ নির্মাণ করেনি। ২০-২৫ বছর আগে যারা এই জায়গায় ছিল, তারা নির্মাণ করেছে। সরকার তিন থেকে চার বছর আগে বিএসএমএমইউকে জায়গাটি লিজ দেয়।
প্রাচীর ভেঙে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান সাংবাদিকদের বলেন, প্রাচীরটি হেলে গিয়ে ঝুঁকিতে ছিল। গতকালও ঘটনাস্থলের পাশে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা এমন তথ্যই দেন। তবে গতকাল প্রক্টর হাবিবুর রহমান বলেন, এমন কিছু তাঁরা দেখেননি।
আহত ব্যক্তিদের বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ-আল-হারুন বলেন, বিএসএমএমইউর নার্স অন্তরা বেগম চিকিৎসা নিয়ে এরই মধ্যে কাজে ফিরেছেন। পথচারী রুহুল আমিন বিশ্বাসও চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন, তবে তাঁদের কারও ক্ষতই মারাত্মক নয়।
প্রাচীর ধসে নিহত পারভীন আক্তারের ভাগনে জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, পারভীন আক্তারের এক ভাই বিএসএমএমইউর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখে বাসায় ফেরার পথেই তিনি দুর্ঘটনার মুখোমুখি হন। তাঁর সঙ্গে আরেকজন স্বজন ছিলেন। তিনি তখন অটোরিকশা ডাকতে সামনে গিয়েছিলেন। জাহিদ জানান, তিন দফা জানাজার নামাজ শেষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাটিকাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভীন আক্তারকে।