ভেঙে পড়া সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল
নোয়াখালীর সেনবাগ উপজেলার চিলাদি-পাঁচতুপা সড়কের জরাজীর্ণ একটি সেতুর মাঝের অংশ এক বছরেরও বেশি সময় আগে ভেঙে পড়ে। এর পর থেকেই ওই ভাঙা অংশের ওপর কাঠের টুকরো বসিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।সরেজমিনে দেখা গেছে, চিলাদি রাস্তার মাথা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ওই সেতুটির প্রায় মাঝের অংশ রডসহ ভেঙে পড়েছে। এ ছাড়া সেতুর দক্ষিণ পাশের রেলিংও ভেঙে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ধসে পড়ার পর একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি উপজেলা এলজিইডি কার্যালয়কে জানানো হয়। কিন্তু কোনো কাজ হয়নি। পরে বাধ্য হয়ে তাঁরা নিজেরা উদ্যোগ নিয়ে সেতুর ভাঙা অংশের ওপর কাঠের টুকরো বসিয়ে দেন। এর পরও সেতুর ওই ভাঙা অংশ দিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীসহ ছোট যানবাহন। স্থানীয় চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, সেতুটি দিয়ে চিলাদিসহ আশপাশের তিনটি গ্রামের কমপক্ষে ৩০ হাজার বাসিন্দা যাতায়াত করে। তাই জরুরি ভিত্তিতে এই সেতুটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, সেতুটি ভেঙে পড়ার পর তিনি নিজে বিষয়টি উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় জনগণ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে।