১৯৭১ সালের ২৯ অক্টোবর ছিল শুক্রবার। কিশোরগঞ্জের সদর উপজেলার দানাপাঠুলী এলাকা। বেলা ১১টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা সাত মুক্তিযোদ্ধাকে হাত ও কোমরে দড়ি দিয়ে বেঁধে এক সারিতে দাঁড় করায়। এক এক করে গুলি করে হত্যা শুরু হয়। কৌশলে নিজ দড়ির বাঁধন খুলে এক মুক্তিযোদ্ধা ঝাঁপ দেন পাশের সিংগুয়া নদীতে। তাঁর নাম গাজী শহিদুল ইসলাম। পাকিস্তানি হানাদার বাহিনী মনে করেছিল শহিদুল মারা গেছে।
সম্প্রতি এ বধ্যভূমি সরেজমিনে পরিদর্শনে গেলে এভাবে নিশ্চিত মৃত্যুর কবল থেকে তাঁর বেঁচে যাওয়ার কাহিনি শোনান মুক্তিযোদ্ধা শহিদুল। একই কাহিনি শুনিয়েছেন পাকিস্তানি বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া দানাপাঠুলী এলাকার আরেক বাসিন্দা মোস্তফা মিয়া।
কিন্তু বধ্যভূমিতে এলেই তাঁদের বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বধ্যভূমি সংরক্ষণে কোনো যত্ন নেই। একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল আট-নয় বছর আগে। সেটির এখনই জীর্ণ দশা।
মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের হাতে হাজার হাজার মানুষ শহীদ হন। তাঁদের অনেকের লাশ ওই বধ্যভূমিতে ফেলে রাখা হয়।
বধ্যভূমিতে সরেজমিনে দেখা গেছে, স্মৃতিস্তম্ভটির একাংশের নিচের মাটি সরে গেছে। যেকোনো সময় সেটি ভেঙে পাশের সিংগুয়া নদীতে পড়ে যেতে পারে। বধ্যভূমি এলাকায় অবাধে বিচরণ করছে গবাদিপশু।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন, দানাপাঠুলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করার মতো কোনো পরিবেশ নেই। রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা কেউ এটি সংরক্ষণ করার উদ্যোগ নেননি।
দানাপাঠুলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান বলেন, অযত্ন-অবহেলায় ও নিম্নমানের ঠিকাদারি কাজের জন্য মাত্র সাত বছরের মাথায় স্মৃতিস্তম্ভটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।