ভেঙে পড়ার এক বছরেও নির্মিত হয়নি স্টেডিয়াম
পটুয়াখালী জেলা শহরের স্টেডিয়ামটি ভেঙে পড়ার পর এক বছর পরও সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই পরিত্যক্ত স্টেডিয়াম ভবনে চলছে খেলাধুলাসহ যাবতীয় কার্যক্রম। এ ছাড়া পরিচর্যার অভাবে খেলার মাঠটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।জেলা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক বাদল হালদার বলেন, অবকাঠামো ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে স্টেডিয়ামে আসছেন না। এ কারণে খেলাধুলার মান ধরে রাখা যাচ্ছে না। জেলার ক্রীড়াঙ্গন এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৭-৭৮ অর্থবছরে নির্মিত স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এটি জরাজীর্ণ হয়ে পড়ে। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ স্টেডিয়ামের মূল ভবনের উত্তর দিকের দোতলার ছাদ, দর্শক গ্যালারির একটি বড় অংশসহ এর চারটি পিলার ভেঙে পড়ে। পরে গণপূর্ত বিভাগ স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু এর পরও ক্রীড়ামোদী দর্শক ও খোলোয়াড়েরা ঝুঁকি নিয়েই এটি ব্যবহার করে আসছেন।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহনূর হক জানান, এ বছর ১৪ ফেব্রুয়ারি স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি একাধিকবার জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করা হয়েছে। পরে সরাসরি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরা হয়। ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের মূল ভবন ও প্রথম পর্যায়ে ২০০ আসনবিশিষ্ট দর্শক গ্যালারি নির্মাণের একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বর্তমানে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।