ভেঙে পড়েছে ডাকব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন থেকে ১৮ ডিসেম্বর সাভারের বাসস্ট্যান্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের নামে একটি জরুরি কাগজ পাঠানো হয়। ঢাকার তেজগাঁও পোস্ট অফিস থেকে রেজিস্টার্ড ডাকে পাঠানো ওই কাগজটি প্রাপকের কাছে পৌঁছায় গত রোববার। ঢাকা থেকে সাভারের ২১ কিলোমিটার দূরত্ব পার হতে ডাক বিভাগের লেগে গেল ১২ দিন।
ডাক বিভাগ সূত্র জানায়, ঢাকার জিপিওসহ সাভার, ধামরাই এবং মানিকগঞ্জের বিভিন্ন পোস্ট অফিসে প্রতিদিন শত শত চিঠি ও পার্সেল জমা পড়লেও হরতাল আর অবরোধের কারণে তা নিয়মিত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রাপকেরা।
অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য রোববার সাভার উপজেলা পোস্ট অফিসে ৩০টি রেজিস্টার্ড ও একটি বৈদেশিক চিঠিসহ ছয়টি পার্সেল বুকিং দেওয়া হয়। গতকাল সোমবার জমা পড়ে ৩৫টি রেজিস্টার্ড ও একটি বৈদেশিক পত্র। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জের ছয় উপজেলায় চারটি সাব ও ৫৪টি শাখা পোস্ট অফিস রয়েছে। গত বৃহস্পতিবারের পর থেকে এসব পোস্ট অফিসে জমা পড়া কোনো চিঠি ও পার্সেল নির্দিষ্ট গন্তব্যে পাঠানো যায়নি। ঢাকা থেকেও কিছু আসেনি এসব পোস্ট অফিসে।
সাভার ও ধামরাইয়ের একাধিক সরকারি কর্মকর্তা জানান, কয়েক মাস ধরে ডাকযোগে আসা দাপ্তরিক নথির সংখ্যা না কমলেও নির্দিষ্ট সময়ে পাওয়া যাচ্ছে না। এতে কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে।
মানিকগঞ্জ জেলা পোস্টমাস্টার মাজহারুল ইসলাম বলেন, হরতাল আর অবরোধের কারণে সপ্তাহে মাত্র এক দিন (বন্ধের দিন) মাইক্রোবাসে করে ঢাকা থেকে ডাক পাঠানো হয়। একই গাড়িতে মানিকগঞ্জসহ সাভার ও ধামরাইয়ের ডাক ঢাকায় পাঠানো হয়। এ কারণেই প্রাপকেরা যথাসময়ে তাঁদের ডাক পাচ্ছেন না।
ঢাকার সাভার, ধামরাইসহ মানিকগঞ্জের সিঙ্গাইর ও গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী ডাক পরিদর্শক আবদুল ওয়াহাব জানান, ডাক পরিবহনের যানবাহনে অনেক মূল্যবান, প্রয়োজনীয় নথি ও দ্রব্যাদি থাকে। কোনো কারণে দুর্বৃত্তরা ডাকবাহী গাড়িতে হামলা করলে শত শত লোক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বর্তমান পরিস্থিতিতে বন্ধের দিন ছাড়া আর ডাক পরিবহন করা হচ্ছে না।